বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম ঘোষণা

অনলাইন ডেস্ক : প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১২:৫৬ পিএম
তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম ঘোষণা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বাছাই করা হয়েছে আনোয়ারুল হক কাকার’কে। শনিবার বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ এ কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও বিরোধী দলীয় নেতার মধ্যে চূড়ান্ত দফা বৈঠকের পর প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে মিডিয়ার সামনে তিনি এই নাম প্রকাশ করেন। এর আগে শুক্রবার রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেহবাজ শরীফ। শনিবার অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম চূড়ান্ত করা হবে বলে তিনি আস্থা প্রকাশ করেছিলেন।

শুক্রবার রাতে বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজের সঙ্গে দ্বিতীয় রাউন্ডের আলোচনা করেন তিনি। এই রাতেই বিদায়ী ক্ষমতাসীন জোটের নেতাদের সম্মানে নৈশভোজ আয়োজন করেন শেহবাজ।

উল্লেখ্য, আনোয়ারুল হক কাকার পাকিস্তানি একজন রাজনীতিক। তিনি ২০১৮ সালের মার্চ থেকে পাকিস্তান সিনেটের সদস্য। ওই বছর সিনেট নির্বাচনে বেলুচিস্তান থেকে তিনি একটি আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচিত হন। সিনেটর হিসেবে শপথ নেন ২০১৮ সালের ১২ই মার্চ।

নতুন একটি রাজনৈতিক দল বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সহপ্রতিষ্ঠাতা তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল এমন সূত্রগুলো ডনকে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম নিয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সঙ্গে একমত হতে পারছিলেন না রাজা রিয়াজ। তার নিজেরও প্রার্থী ছিল। এ জন্য পিএমএলএনের নাম নিয়ে দরকষাকষি চলছিল। ফলে এই পদে নাম বাছাই করতে বিলম্ব হয়েছে। তবে রাজা রিয়াজকে ক্ষমতাসীন জোটের সঙ্গে ‘বন্ধুপ্রতীম বিরোধী নেতা’ হিসেবে দেখা হয়।

সূত্রগুলো বলেছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মাধ্যমে পিএমএলএনের সুপ্রিমো নওয়াজ শরীফ চাইছিলেন অর্থমন্ত্রী ইসহাক দারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করতে। যদি তা-ও না হয়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসীকে সুপারিশ করেছিলেন তিনি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের একজন ভিন্ন মতাবলম্বী রাজা রিয়াজ। তিনি ক্ষমতার অন্য করিডোর থেকে নির্দেশনা পাচ্ছিলেন। ফলে তিনি সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানির নাম প্রস্তাব করেন। এ জন্য শুক্রবার রিয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন সাঞ্জরানি।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজকে সংবিধানের ২২৪-এ ধারার অধীনে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগের সময় শনিবার শেষ হয়ে যাবে- এ কথা স্মরণ করিয়ে দিয়ে চিঠি লেখেন প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।

ওদিকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে বৈঠক হয়। প্রেসিডেন্ট জানিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে একজন উপযোগী ব্যক্তিকে বেছে নিতে হবে। এ বিষয়ে তিনি এই দুই নেতার কাছে চিঠি লিখেছেন। তার এই চিঠি পেয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের জন্য ৮ দিন সময় আছে। তা সত্ত্বেও তিনি রাজা রিয়াজের সঙ্গে শনিবার আবার বৈঠকে বসতে পারেন বলেও জানানো হয় মিডিয়ার রিপোর্টে। অবশেষে হয়েছেও তাই।

ওদিকে প্রধানমন্ত্রীর পাঠানো ‘সামারি’ অনুমোদন করে পাকিস্তানের ১৫তম পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। গত বুধবার এক্সে (সাবেক টুইটার) প্রেসিডেন্টের অফিস থেকে একটি বিবৃতি পোস্ট করা হয়। এতে বলা হয়, সংবিধানের ৫৮-১ অনুচ্ছেদের অধীনে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে জাতীয় পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। এখন সংবিধানের ২২৪-এ ধারার অধীনে একজন তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করবেন প্রধানমন্ত্রী।

প্রাথমিক রিপোর্টে বলা হয় তিনটি নাম প্রস্তাব করা হয় এ পদে। তারা হলেন- সাবেক কূটনীতিক জলিল আব্বাস জিলানি, পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি তাসাদ্দুক হোসেন জিলানি এবং সিন্ধুর গভর্নর কামরান তেসোরি। প্রথম দুটি নাম দিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। শেষোক্ত নাম দিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট পকিস্তান।

১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ এএম
১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

Oplus_131072

দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, অডিও যুগের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট আসিফ আকবর আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার গান নয়, রাজনীতির মঞ্চে তার উচ্চারিত মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক ও আলোচনার ঝড়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সতেরো বছর পর দেশে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১২ কোটি ৭৮ লাখ ভোটার সরাসরি ভোট দিয়ে সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। দায়িত্বশীল বাহিনী ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

তিনি লেখেন, সব রাজনৈতিক দল ও প্রার্থী চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রোপাগান্ডা, অভিযোগ, পাল্টা অভিযোগ ও গুজব ছাপিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আসিফ আকবর আরও বলেন, নাগরিক দায়িত্ব পালনে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। পাহাড়ি মানুষ, সমতলবাসী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায় “ভোটের মাধ্যমে জনতার শক্তি দেখানোর এখনই সময়।”

এদিকে নির্বাচনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে তৈরি হয়েছে উৎসবের আবহ। প্রচার-প্রচারণা শেষ, এখন অপেক্ষা কেবল রায়ের। নাগরিকদের প্রত্যাশা  শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে তারা প্রয়োগ করতে পারবেন তাদের ভোটাধিকার।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে এই উৎসবমুখর আমেজই প্রমাণ করে, গণতন্ত্রের এ উৎসবে অংশ নিতে প্রস্তুত দেশ।

কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম
কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

Oplus_131072

কুমিল্লার মুরাদনগরে নগদ দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকায় তার গাড়ি থেকে বাজারের ব্যাগে রাখা টাকা উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, হেলালী ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়ি তল্লাশি করে একটি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটিতে পাতলা কম্বল দিয়ে ঢাকা অবস্থায় ১ হাজার টাকার দুটি বান্ডিল ছিল।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমানকে বিষয়টি জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ইউএনও বলেন, টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা না পড়ায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

 

মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন জানান, তিনি খবরটি শুনেছেন এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।

ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম
ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

Oplus_131072

ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামার থেকে বিদেশি পিস্তলসহ চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার সকাল ১০টার দিকে ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন খামারে এ অভিযান চালানো হয়।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবদল নেতা বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। গত দুইদিন ধরে দিদার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে রাখা হয়েছিল।

 

ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের খবর পেয়েছেন, তবে বিস্তারিত তদন্ত চলছে।

×
Skip to toolbar