রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

৮০ হাজার কোটি টাকা পাচার মেঘনা গ্রুপের : এনবিআরকে দেওয়া গোয়েন্দা প্রতিবেদনে ৫ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৮:২৮ পিএম
৮০ হাজার কোটি টাকা পাচার মেঘনা গ্রুপের : এনবিআরকে দেওয়া গোয়েন্দা প্রতিবেদনে ৫ সুপারিশ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পণ্য আমদানির আড়ালে প্রায় ৮০ হাজার কোটি টাকা পাচার করেছে মেঘনা গ্রুপ। জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরকে দেওয়া একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে। 
গোয়েন্দা সংস্থাটি মেঘনা গ্রুপের ৭০টি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে এনবিআরকে ৫টি সুপারিশ করেছে। ওই প্রতিবেদনে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির দেড় হাজার কোটি টাকা আত্মসাত ও প্রায় এক হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি ধরেছে গোয়েন্দা সংস্থাটি। 
সম্প্রতি এনবিআরকে দেওয়া ওই গোয়েন্দা প্রতিবেদনে মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ৫টি সুপারিশ তুলে ধরেছে। 
প্রতিবেদনে বলা হয়- বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান  মোস্তফা কামাল তার মালিকনাধীন শিল্প প্রতিষ্ঠানের নামে করা এলসি বা ঋণপত্র রিফান্ড করার মাধ্যমে বীমা কোম্পানি থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করেছেন। পরবর্তীতে এই টাকা তিনি বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। অনিয়মের মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি হতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের পাশাপাশি সরকারি রাজস্ব ফাঁকির আশঙ্কা রয়েছে বলে অনুমেয়। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান জরুরি বলে মনে করেছে ওই গোয়েন্দা সংস্থাটি। 
গোয়েন্দা প্রতিবেদনের ৫টি সুপারিশে বলা হয়- 
এক. মেঘনা গ্রুপের ৭০টি কোম্পানির বিরুদ্ধে বছরভিত্তিক ও শ্রেণিভিত্তিক পরিশোধিত বীমা দাবির পরিমাণ। দুই. ইস্যু করা কভারনোট বা পলিসির সংখ্যা ও প্রিমিয়াম এবং আদায় করা প্রিমিয়ামের পরিমাণ। তিন. ইস্যু করা পলিসিগুলোর বিপরীতে বাতিল ও ফেরত প্রিমিয়ামের পরিমাণের তালিকা। চার. সাধারণ বীমা বা বিদেশী পুণ:বীমাকারী প্রতিষ্ঠান থেকে আদায় হওয়া বীমা দাবির পরিমাণ। পাঁচ. বীমা দাবি পরিশোধের চেকগুলোর ব্যাংক হিসাব ইত্যাদি যাচাই করে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে ওই গোয়েন্দা সংস্থাটি। 
ওই গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়- মোস্তফা কামাল ২০০০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২১ বছরে আমদানিতে ৭৯ হাজার ৭৬২ কোটি টাকা আন্ডার ইনভয়েসিং, শুল্কায়নযোগ্য পণ্য-মোটরযান-নৌযানের বিপরীতে বাধ্যতামূলক বীমা পলিসি এগিয়ে গিয়ে ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ হাজার ৫১৯ কোটি টাকা, সরকারের ভ্যাট, স্ট্যাম্প ডিউটি ও ব্যাংক কমিশনের ১ হাজার কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন।
ব্যবসায়ে রাতারাতি বিপুল পরিমাণ মুনাফা অর্জনের নেশায় তিনি বেছে নিয়েছেন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কম খরচে আমদানি। আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে তিনি আমদানিকৃত পণ্যের প্রকৃত দামের চেয়ে অনেক টাকা কমিয়ে দেখাতেন। এতে একদিকে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে অন্যদিকে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর চেয়ে অনেক কমে পণ্য কেনায় বেশি লাভ করতে পারতেন তিনি।
আন্ডার ইনভয়েসিংয়ের সঙ্গে জড়িয়ে থাকে ব্যবসায়িক লাভের হিসাব। উদাহরনসরূপ-একজন ব্যবসায়ী একটি পণ্য ১ হাজার ডলারে কিনে আনছেন। কিন্তু পণ্যটির মূল্য ঘোষণা করছেন ১০০ ডলার। এতে করে সরকার ১০০ ডলারের উপর রাজস্ব পাবে। বাকি ৯০০ ডলারের রাজস্ব থেকে বঞ্চিত হবে। অন্যদিকে আমদানিকারক পণ্যটি সম্পূর্ণ রাজস্ব দেওয়ার পর যেই মূল্য দাঁড়াতো তার সঙ্গে লাভ যুক্ত করে বিক্রি করলো। এতে সরকারকে ঠকিয়ে দ্রুত অধিক টাকা উপার্জনের সুযোগ তৈরি হয়।
প্রতিবেদনে গোয়েন্দা সংস্থাটি বলেছে- আলোচ্য সময়ে মেঘনা গ্রুপ ১ লাখ ২৮ হাজার ১৩১ কোটি ৩৩ লাখ ২১ হাজার ১২৬ টাকা শুল্কায়নযোগ্য মূল্যের আমদানি করেছে। তবে এ সময়ে বিপরীতে আমদানি ঋণপত্র (এলসি) অনুযায়ী ইনভয়েজ মূল্য ছিল ৪৮ হাজার ৩৬৮ কোটি ৪২ লাখ ৪২ হাজার ৩১১ টাকা। সে হিসেবে আমদানির আড়ালে ৭৯ হাজার ৭৬২ কোটি ৯০ লাখ ৭৮ হাজার ৮১৫ টাকার অতিরিক্ত সুবিধা নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, প্রতি বছরই বিপুল পরিমাণে টাকা লোপাট করা হয়েছে। ২০১৩ সাল থেকে আন্ডার ইনভয়েসিংয়ের প্রবণতা বেড়েছে গ্রুপটির। তবে করোনার প্রভাবে ২০২০ সালে আমদানি উল্লেখযোগ্যহারে কমে যাওয়ায় সে বছর কমেছে এর পরিমাণ। ২০২০ সালে এলসি ও শুল্কায়নযোগ্য মূল্যের পার্থক্য ছিল ২৬৪ কোটি টাকা। অথচ এর আগের তিন বছর এর পরিমাণ ১ হাজার ২০০ কোটি টাকা থেকে ১ হাজার ৬০০ কোটি টাকা পর্যন্ত ছিল।
আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে সরকার এবং প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বীমা কোম্পানির পলিসিও পরিশোধ করেনি মেঘনা গ্রুপ। 
প্রতিবেদন বলছে, শুল্কায়নযোগ্য মূল্যের বিপরীতে পলিসি নেওয়া বাধ্যতামূলক ছিল। সেখানে পলিসির হার ছিল ০.৯০ শতাংশ। কিন্তু শুল্কায়নযোগ্য ১ লাখ ২৮ হাজার ১৩১ কোটি ৩৩ লাখ ২১ হাজার ১২৬ টাকার বিপরীতে পলিসির ১ হাজার ১৫৩ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৮৯০ টাকা এড়িয়ে যাওয়া হয়েছে। এছাড়া মোস্তফা কামালের শিল্প প্রতিষ্ঠানের নামে থাকা ৬০/৭০টি নৌযান ও হাজার-বারোশ মোটরযানের বিপরীতে বীমা পলিসি বাধ্যতামূলক থাকলেও পলিসির ৩০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া ব্যাংক কমিশনের ৬৩৮ কোটি ১০ লাখ ৩২ হাজার ৬৩০ টাকা এবং বীমা পলিসির বিপরীতে ৪ শতাংশ স্ট্যাম্প ডিউটির ২৫ কোটি ৫২ লাখ ৪১ হাজার ৩০৫ টাকা পরিশোধ করেনি মেঘনা গ্রুপ।
ব্যাংক কমিশনের শতকরা ১৫ শতাংশ টাকা ভ্যাট হিসেবে পাওয়ার কথা সরকারের। তবে ভ্যাটের ৯৫ কোটি ৭১ লাখ ৫৪ হাজার ৯৮৪ টাকা খেয়ে দিয়েছে গ্রুপটি। বিভিন্ন খাতে সরকারের ভ্যাট ও স্ট্যাম্প ডিউটি বাবদ ৪০৫ কোটি টাকা পকেটে পুরে নেওয়ার কথা বলা হয়েছে প্রতিবেদনে।
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তফা কামাল তার গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানের নামে করা এলসি রিফান্ড করার মাধ্যমে বীমা কোম্পানি থেকে বিপুল পরিমান টাকা আত্মসাৎ করেছেন। পরে এই টাকা তিনি বিদেশে পাচার করেছেন। ন্যাশনাল ইন্স্যুরেন্সের বিপুল টাকা আত্মসাতের পাশাপাশি সরকারের রাজস্ব ফাঁকির আশংকা থাকায় এনবিআরকে অনুসন্ধানের অনুরোধ করেছে গোয়েন্দা সংস্থাটি। 
জানা গেছে, ১৯৯৫ সালে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কম্পানি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর উদ্যোক্তা পরিচালক ছিলেন মো. জাকারিয়া, তার ভাই এম এফ কামাল ও তাদের বোন বিউটি আক্তার, বোনের স্বামী মোস্তফা কামাল এবং বাসেত মজুমদার। বর্তমানে বীমা কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন মোস্তফা কামাল এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ। ২০০০ সাল পর্যন্ত বীমা কম্পানিটি তাদের ব্যবসা কার্যক্রম ভালোভাবে পরিচালনা করলেও পরবর্তীতে পরিচালকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের ফলে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ২ ভাগে বিভক্ত হয়।

জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে –কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৭ পিএম
জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে –কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম

জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে। এই আদর্শিক ভিত্তিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ সাবলিনভাবে বিনির্মাণ করা সম্ভব। জুলাইয়ে যারা অংশগ্রহন করেছে তাদের একটা চেতনা ছিলো, শাহাদাতের তামান্না ছিলো। যারা শুধু ইসলামকে জানেন তাদের মধ্যেই নয়, এই তামান্না তৈরী হয়েছিল যারা ইসলামকে কম জানেন তাদের মধ্যেও। বালক ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের মধ্যে তামান্না তৈরী হয়েছিল আমি শহীদ হবো। এই তামান্নাই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে সক্ষম করেছে। শনিবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লার দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সাবেক নেতাকর্মীদের প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভবনার দেশ। বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে এমন ভাবে নষ্ট করেছে, দেশকে সামনে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেওয়া হছেয়ে। গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা। এই টাকা পাচার করে তারা আজ বেগম পাড়ায় বিলাশী জীবন যাপন করছে। এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার, আমরা চাই আগামীতে সৎ ও দেশপ্রেমিক মানুষ নেতৃত্বে আসুক। দেশের সাধারণ মানুষও ভালো মন্দ বুঝে গেছে। আগামী নির্বাচনে তারা সঠিক সিদ্ধান্ত নিবেন।
শিবির সভাপতি আরো বলেন, বর্তমান প্রজন্মের চাওয়াকে ধারন করে যারা রাজনীতি করতে চাইবে তারাই শুধু বাংলাদেশে রাজনীতি করতে পারবে, আর না হয় রাজনীতি করতে পারবে না। এই প্রজন্ম আর্দশিক রাজনীতির মধ্যদিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমরা ফ্যাসিবাদ, সন্ত্রাস, খুনি, চাঁদাবাজদের বিরুদ্ধে, আমরা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে। এই অন্যায় কাজগুলো যে ব্যক্তি বা দল করবে আমরা তার বিরুদ্ধে দাড়িয়ে যাবো।
দেবীদ্বার উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান ও পৌর আমীর ফেরদৌস আহমেদেও সঞ্চালনায় দেবীদ্বার উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী (কুমিল্লা ও নোয়াখালী) অঞ্চল টীমের সদস্য কাজী মোঃ নজরুল ইসলাম খাদেম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমীর অধ্যাপক আবদুল মতিন, গাজীপুর মহানগরীর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, জামায়াতের ইউরোপ ইউনিয়নের মূখপাত্র ব্যারিষ্টার আবু বকর সিদ্দিক মোল্লা, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রক্ষ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী ডঃ মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হোসেন, অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ পরিষদের সদস্য আসাদুজ্জামান ভূইয়া, শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক দাওয়া সম্পাদক মোঃ মোজ্জাফর হোসেন, কুমিল্লা উঃ জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ সানাউল্লাহ রাসেল।

চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী মাদরাসায় বার্ষিক পুরস্কার, বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৭:২০ পিএম
চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী মাদরাসায় বার্ষিক পুরস্কার, বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী এবতেদায়ী নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডিজিএম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ বেলাল হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবান্ন কর্পোরেশন এর প্রধান নির্বাহী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রমিস এসেট্স লিমিটেড, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বিশিষ্ট সমাজসেবক মো. ইসরাফিল মোল্লা, মিনহাজ ওভারসীজ এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক মো. জসিম উদ্দিন ভূঁইয়া, জে.বি ইন্টারন্যাশনাল, ঢাকা এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক মো. বাহাদুর হোসাইন, দেড়কোটা আছিয়া খাতুন মহিলা মাদরাসার পরিচালক, বিশিষ্ট সমাজসেবক মো. নাছির উদ্দিন মজুমদার, আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক শামীম খন্দকার, দুবাই প্রবাসী ও তরুণ সমাজসেবক মো. আব্দুল হান্নান মোল্লা।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কপিল উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মো. রাকিব হোসেন মোল্লার পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবক মো. ওমর ফারুক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এডভোকেট সাইফুদ্দীন মজুমদার, আব্দুল কাদের মোল্লা, আবুল বাশার মোল্লা, সাংবাদিক মো. মাছুম, হাফেজ মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মো. শরীফুল ইসলাম, হাফেজ মো. ওবায়েদ উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম
চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধা উন্নয়ন বৃত্তি পরীক্ষা-২০২৫ শনিবার (০৬ ডিসেম্বর) একযোগে পৃথক তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রাম পৌরসভাধিন ০১নং সেন্টারে এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এবারের বৃত্তি পরীক্ষায় সাতটি বেসরকারি (কিন্ডারগার্টেন) বিদ্যালয়ের নার্সারি/কেজি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাছাইকৃত প্রায় দুইশত কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও একই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার মিয়াবাজার সেন্টারে (০২নং) নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী এবং গত শুক্রবার (০৫ ডিসেম্বর) উপজেলার মুন্সীরহাট বালিকা বিদ্যালয় সেন্টারে (০৩নং) প্রায় চারশত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুষ্ঠিত চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধা উন্নয়ন বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বিভিন্ন হল পরিদর্শন করেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক মো. আমির হোসাইন, সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, যুগ্ম আহবায়ক মো. শাহজাহান, মো. ওয়াছিম উদ্দিন, মাওলানা আরিফ বিল্লাহ, সদস্য মো. খোকন মজুমদার, মো. আলমগীর হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. ফরহাদ উদ্দীন, মো. শহিদুল ইসলাম, কাজী রাকিব হোসেন, গিয়াস উদ্দিন সাগর, নুরুল আমিন, মুন্সীরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. নাসির উদ্দিন মিয়াজী, মাস্টার শরীফ মোহাম্মদ ইউছুফ, সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।

অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর ও সুশৃঙ্খল-শান্তিপূর্ণ বৃত্তি পরীক্ষা গ্রহণের জন্য অ্যাসিয়েশন নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারী উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক-পরিচালক সহ সচেতন অভিভাবকবৃন্দ। ভবিষ্যতেও এমন বৃত্তির আয়োজন অব্যাহত থাকবে বলে তাদের সকলের প্রত্যাশা।

×
Skip to toolbar