বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

শেখ হাসিনার পদত্যাগপত্র : হার্ডকপি-সফটকপি বিতর্ক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৮:৪৮ পিএম
শেখ হাসিনার পদত্যাগপত্র : হার্ডকপি-সফটকপি বিতর্ক
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিষয়টি কি খুব প্রাসঙ্গিক ছিল?
কার্যত মৃত ও অপ্রাসঙ্গিক বিষয়কে আচমকা কেন প্রাসঙ্গিক করে তোলা হলো? কেন শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের হার্ডকপি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আছে কি নাই, হঠাৎ অনেক বড় ইস্যু? তবে কি ইচ্ছাকৃতভাবে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে? দেশের মানুষের জন্য প্রতিদিনের যে সমস্যা দ্রব্যমূল্য বৃদ্ধি সেটা কি তবে সাময়িকভাবে হলেও চাপা পড়বে? পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে না পারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কম আলোচনা হবে মিডিয়াতে, টকশোতে? অনেক প্রশ্ন, কে উত্তর দেবে?
রাষ্ট্রপতির বক্তব্য ও বিতর্কের সূত্রপাত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ৫ আগস্ট সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানকে পেছনে দাঁড় করিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সাংবিধানিকভাবে যিনি রাষ্ট্রের প্রধান তিনি যখন ভাষণে সারা জাতিকে জানিয়ে দেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তখন আড়াই মাস পরে তার হার্ডকপি খোঁজা কি শুধুই কাকতালীয়!
মতিউর রহমান চৌধুরীর মন্তব্য
খ্যাতিমান সাংবাদিক, সম্পাদক মতিউর রহমান চৌধুরী যেহেতু বিষয়টি সামনে এনেছেন, সেহেতু একে হালকা করে দেখাও ঠিক হবে না। যদিও রাষ্ট্রপতির কার্যালয় স্পষ্ট করেই বলেছে শেখ হাসিনার পদত্যাগ একটি মীমাংসিত ইস্যু। এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা ঠিক হবে না। এমনকি মতিউর রহমান চৌধুরীও গণমাধ্যমের সঙ্গে আলোচনায় বলেছেন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। তিনি একটি বই লেখার কাজ করছেন এবং তার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের হার্ডকপি খুঁজছিলেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য
আইন উপদেষ্টা আসিফ নজরুল এ নিয়ে চাছাছোলা মন্তব্য করেছেন। বলেছেন, রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন। যা শপথ লঙ্ঘনের শামিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অবিলম্বে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি করেছেন। এভাবে বিভিন্ন মহলে রাষ্ট্রপতির পদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষুব্ধ খোদ অন্তবর্তী সরকারও।
উপদেষ্টা পরিষদের বৈঠক ও ভবিষ্যৎ
আমাদের প্রতিনিধি সরকারের একাধিক মহলে খোঁজ নিয়ে জানতে পেরেছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে আলোচনা হবে। তবে কি চারিদিকে যে গুঞ্জন রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগে বাধ্য করানো হবে? ড. ইউনূস রাষ্ট্রপতির দায়িত্বও নেবেন? চারিদিকে এমন নানা আলোচনা আছে।
ব্যারিস্টার সারওয়ারের মতামত
আমাদের প্রতিনিধি কথা বলেছিল আইনজ্ঞ ব্যারিস্টার সারওয়ারের সঙ্গে। তিনি বলেন, রাষ্ট্রপতি যদি সত্যিই মিথ্যাচার করে থাকেন তাহলে তিনি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। ব্যারিস্টার সারওয়ার মনে করেন, পতিত প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের হার্ডকপি-সফটকপি ইস্যু তোলা অবান্তর। তার মতে, রাষ্ট্রপতি পদ থেকে সাহাবুদ্দিন চুপ্পুর সরে যাওয়া উচিত।
উপসংহার
যে বিতর্ক আচমকা শুরু হয়েছে তা কি সহসাই থামবে? পুরো মেয়াদ থাকতে পারবেন সাহাবুদ্দিন চুপ্পু? নাকি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সহসাই রাষ্ট্রপতি পদেও দেখা যাবে? না-কি অন্য কাউকে দেখা যাবে রাষ্ট্রপতির পদে? দেখা যাক কী হয়!

১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ এএম
১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

Oplus_131072

দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, অডিও যুগের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট আসিফ আকবর আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার গান নয়, রাজনীতির মঞ্চে তার উচ্চারিত মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক ও আলোচনার ঝড়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সতেরো বছর পর দেশে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১২ কোটি ৭৮ লাখ ভোটার সরাসরি ভোট দিয়ে সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। দায়িত্বশীল বাহিনী ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

তিনি লেখেন, সব রাজনৈতিক দল ও প্রার্থী চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রোপাগান্ডা, অভিযোগ, পাল্টা অভিযোগ ও গুজব ছাপিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আসিফ আকবর আরও বলেন, নাগরিক দায়িত্ব পালনে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। পাহাড়ি মানুষ, সমতলবাসী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায় “ভোটের মাধ্যমে জনতার শক্তি দেখানোর এখনই সময়।”

এদিকে নির্বাচনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে তৈরি হয়েছে উৎসবের আবহ। প্রচার-প্রচারণা শেষ, এখন অপেক্ষা কেবল রায়ের। নাগরিকদের প্রত্যাশা  শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে তারা প্রয়োগ করতে পারবেন তাদের ভোটাধিকার।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে এই উৎসবমুখর আমেজই প্রমাণ করে, গণতন্ত্রের এ উৎসবে অংশ নিতে প্রস্তুত দেশ।

কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম
কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

Oplus_131072

কুমিল্লার মুরাদনগরে নগদ দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকায় তার গাড়ি থেকে বাজারের ব্যাগে রাখা টাকা উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, হেলালী ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়ি তল্লাশি করে একটি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটিতে পাতলা কম্বল দিয়ে ঢাকা অবস্থায় ১ হাজার টাকার দুটি বান্ডিল ছিল।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমানকে বিষয়টি জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ইউএনও বলেন, টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা না পড়ায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

 

মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন জানান, তিনি খবরটি শুনেছেন এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।

ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম
ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

Oplus_131072

ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামার থেকে বিদেশি পিস্তলসহ চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার সকাল ১০টার দিকে ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন খামারে এ অভিযান চালানো হয়।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবদল নেতা বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। গত দুইদিন ধরে দিদার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে রাখা হয়েছিল।

 

ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের খবর পেয়েছেন, তবে বিস্তারিত তদন্ত চলছে।

×
Skip to toolbar