বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ডিএনসি উপপরিচালক ইমরুল হাসানের বিরুদ্ধে কুমিল্লায় গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

আবুল খায়ের : প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৯ এএম
ডিএনসি উপপরিচালক ইমরুল হাসানের বিরুদ্ধে কুমিল্লায় গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। গত চার বছরে তিনি এ কার্যালয়ের ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থ গড়ে তুলেছেন। গ্রামের বাড়ি মাদারীপুর হলেও আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নিজেকে গোপালগঞ্জের পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াতেন। নিয়মিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাদের অফিসে ডেকে দিতেন হাঁসপার্টি এবং নানা উপঢৌকন। নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে দাবি করতেন। কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে যোগদান করেই তৎকালীন সংসদ-সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার অনুসারীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। আওয়ামী লীগের প্রভাবশালী কোনো নেতার তদবিরে তিনি কুমিল্লায় পোস্টিং পান।

সূত্র জানায়, ডিএনসির আওতাভুক্ত বিভিন্ন সেক্টর থেকে তিনি নিয়মিত উৎকোচ এবং মাসোহারা আদায় করছেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে ডেঞ্জারাস ড্রাগ (ডিডি লাইসেন্স) নিতে হয় সব ক্লিনিক, হাসপাতাল, প্রিকাসর, কেমিক্যাল প্রতিষ্ঠান এবং মদের দোকান, মাদক নিরাময় কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে। এসব লাইসেন্স দিতে তিনি চাহিদা অনুসারে উৎকোচ হাতিয়ে নিচ্ছেন। এ কার্যালয়ে ২৯ জন জনবল থাকলেও কার্যত ডিডি ইমরুল হাসান, ওয়্যারলেস অপারেটর সাহাবুদ্দিন আহমেদ, অফিস সহকারী কামরুন নাহারের নিয়ন্ত্রণে গড়ে উঠেছে অনিয়ম-দুর্নীতির সাম্রাজ্য। বাকি সব কর্মকর্তা-কর্মচারী রুটিন ওয়ার্ক করেন। নিজে অভিযানে না গিয়েও বিল-ভাউচার করে হাতিয়ে নিচ্ছেন সহকর্মীদের খরচের টাকা।

সূত্র জানায়, সরকারি খরচে গোমতী নদীর তীরে একটি মাদক ধ্বংসের চুল্লি নির্মাণ করা হয়। ওই চুল্লি নির্মাণের অজুহাতে বিভিন্ন হাসপাতাল থেকে দেড় লাখ টাকা চাঁদা আদায় করা হয়। তাছাড়া ৫ আগস্টের পরও তিনি ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ মোড়কের খাতা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করেছেন। সম্প্রতি সরকারি বরাদ্দের টাকায় জেলার বুড়িচংয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে হাঁসপার্টি করেও তিনি সমালোচনার মুখে পড়েন।

সূত্র জানায়, ডিডি ইমরুল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এখনো যোগাযোগ এবং সখ্য বজায় রাখছেন। বিভিন্ন বিষয়ে তথ্য আদান-প্রদান করতে নিজেকে আওয়ামী পরিবারের সন্তান দাবি করা ইমরুলের ফেসবুক, ইনস্টাগ্রামজুড়ে ছিল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা ছবির মেলা। ৫ আগস্ট পট পরিবর্তনের পর তিনি ভোল পালটে ফেলেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সব ছবি ডিলিট করে দিয়েছেন। তবে ওয়্যারলেস অপারেটর সাহাবুদ্দিন এবং অফিস সহকারী কামরুন নাহারের মাধ্যমেই তিনি এখনো নিয়ন্ত্রণ করছেন ঘুসের রাজত্ব।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের জুনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কুমিল্লা কার্যালয়ে যোগদান করেন চৌধুরী ইমরুল হাসান।

তার এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কেউ মুখ খুলতে সাহস পান না। এদিকে ডিডি ইমরুলের এসব অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য বেশ কয়েকজনকে দিয়ে তিনি এ প্রতিবেদকের কাছে জোরালো সুপারিশ করান।

নাম প্রকাশ না করার শর্তে দেবিদ্বারের এক ক্লিনিক মালিক জানান, ডিডি (ডেঞ্জারাস ড্রাগ) লাইসেন্স নিতে উপপরিচালক ইমরুল হাসানকে ৬০ হাজার টাকা উৎকোচ দিতে হয়েছে। ওয়্যারলেস অপারেটর সাহাবুদ্দিনের মাধ্যমে তিনি এ টাকা নিয়েছেন। একই এলাকার আল ইসলাম হাসপাতালের মালিক নজরুল ইসলাম বলেন, “আমি ৭০ হাজার টাকা দিয়ে লাইসেন্স নিয়েছি। আমার কাছে ১ লাখ ২০ হাজার টাকা চেয়েছিল। আমাদের এলাকার ২০-২৫টি হাসপাতাল-ক্লিনিক মালিক ৬০-৭০ হাজার টাকা করে ঘুস দিয়ে ডিএনসি লাইসেন্স নিয়েছে। তাছাড়া প্রতিবার অপারেশনের মেডিসিন আনার ক্ষেত্রে ডিডির ছাড়পত্র আনতে নিয়মিত উৎকোচ দিতে হয়।”

চান্দিনা এলাকার আরেক হাসপাতালের মালিক জানান, “ডিএনসির কর্মকর্তার বিরুদ্ধে মুখ খোলা যাবে না। কারণ, তিনি চাইলে আমার লাইসেন্স বাতিলসহ বিভিন্ন ধরনের হয়রানি করতে পারবেন।”

তবে অভিযোগ অস্বীকার করে ডিডি ইমরুল বলেন, “আমি গোপালগঞ্জের পরিচয় দিইনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে অনেকেই তাদের কাজে এসেছে। তাছাড়া আমি কোনো হাসপাতাল-ক্লিনিক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ঘুস নিইনি। আমার নাম বিক্রি করে কেউ ঘুস নিয়ে থাকলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “ডিডি ইমরুল হাসানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ এএম
১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

Oplus_131072

দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, অডিও যুগের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট আসিফ আকবর আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার গান নয়, রাজনীতির মঞ্চে তার উচ্চারিত মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক ও আলোচনার ঝড়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সতেরো বছর পর দেশে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১২ কোটি ৭৮ লাখ ভোটার সরাসরি ভোট দিয়ে সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। দায়িত্বশীল বাহিনী ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

তিনি লেখেন, সব রাজনৈতিক দল ও প্রার্থী চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রোপাগান্ডা, অভিযোগ, পাল্টা অভিযোগ ও গুজব ছাপিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আসিফ আকবর আরও বলেন, নাগরিক দায়িত্ব পালনে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। পাহাড়ি মানুষ, সমতলবাসী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায় “ভোটের মাধ্যমে জনতার শক্তি দেখানোর এখনই সময়।”

এদিকে নির্বাচনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে তৈরি হয়েছে উৎসবের আবহ। প্রচার-প্রচারণা শেষ, এখন অপেক্ষা কেবল রায়ের। নাগরিকদের প্রত্যাশা  শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে তারা প্রয়োগ করতে পারবেন তাদের ভোটাধিকার।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে এই উৎসবমুখর আমেজই প্রমাণ করে, গণতন্ত্রের এ উৎসবে অংশ নিতে প্রস্তুত দেশ।

কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম
কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

Oplus_131072

কুমিল্লার মুরাদনগরে নগদ দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকায় তার গাড়ি থেকে বাজারের ব্যাগে রাখা টাকা উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, হেলালী ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়ি তল্লাশি করে একটি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটিতে পাতলা কম্বল দিয়ে ঢাকা অবস্থায় ১ হাজার টাকার দুটি বান্ডিল ছিল।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমানকে বিষয়টি জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ইউএনও বলেন, টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা না পড়ায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

 

মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন জানান, তিনি খবরটি শুনেছেন এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।

ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম
ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

Oplus_131072

ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামার থেকে বিদেশি পিস্তলসহ চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার সকাল ১০টার দিকে ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন খামারে এ অভিযান চালানো হয়।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবদল নেতা বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। গত দুইদিন ধরে দিদার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে রাখা হয়েছিল।

 

ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের খবর পেয়েছেন, তবে বিস্তারিত তদন্ত চলছে।

×
Skip to toolbar