শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে মুফতি এহতেশামুল কাসেমীর মতবিনিময়

এটিএম মাজহারুল ইসলাম : প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ২:২২ পিএম
চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে মুফতি এহতেশামুল কাসেমীর মতবিনিময়
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের “ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর হাত পাখা প্রতীকধারী প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী এক মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া  সাংবাদিকদের সাথে নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

 

সোমবার (১৬ জুন ২০২৫ইং) রাত ৯ ঘটিকায় ইসলামী আন্দোলনের চান্দিনা উপজেলা শাখার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এতে চান্দিনা পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো খাতের অগ্রগতি, মাদকমুক্ত সমাজ গঠন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভায় মুফতি এহতেশামুল হক কাসেমী বলেন- আমরা অতীতে দেখেছি সরকার থেকে উন্নয়নের জন্য ১ কোটি টাকা বরাদ্দ আসলে এর অন্তত ৩০ শতাংশ এমপির পকেটে চলে যেতো। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ চান্দিনায় এক টাকার দুর্নীতিও সহ্য করা হবে না। চান্দিনায় দুর্নীতিমুক্ত একটি প্রশাসন ও সুশাসনের চান্দিনা উপজেলাকে একটি  মডেল উপজেলায় গড়ে তুলবো।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ইসলামী ঐক্যজোট গঠনের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দেশের প্রায় সকল ইসলামপন্থী দল আগামী জাতীয় নির্বাচনে এক প্ল্যাটফর্মে অংশগ্রহণের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

 

কেন্দ্রীয় ভাবে জামায়াতে ইসলামীর সাথে আমাদের আলোচনা হয়েছে। যে আসনে ইসলামী আন্দোলন অথবা জামায়াতের প্রার্থীর জনসমর্থন বেশি থাকবে, সেই আসনটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ছাড় দেওয়া হবে।

 

এক আদর্শিক ও সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন নিয়ে, চান্দিনার উন্নয়নে, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতাদের নেতৃত্বে আদর্শের ভিত্তিতে কাজ করা হবে। আমাদের লক্ষ্য একটি সহনশীল ও সংস্কৃতিমনস্ক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা, যেখানে সকলের মধ্যে সম্মান ও সহযোগিতা থাকবে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতা এবং সমগ্র জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হাজার হাজার মানুষকে হত্যা করে এবং অসংখ্য জনতাকে আহত ও পঙ্গু করে দেয়, যার অগণিত প্রমাণ গণমাধ্যমের কাছে রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায়, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে দেশকে সমৃদ্ধিশালী ও উন্নত করতে। আমরা বিশ্বাস করি, নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি প্রজন্মই দেশের উন্নয়ন এবং জাতির ভবিষ্যৎকে আলোকিত করবে। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বর্তমান পরিস্থিতি নিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ কাছে কিছু প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন।

সভায় চান্দিনার সাংবাদিকরা ভবিষ্যৎ উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তাঁদের মতামত ব্যক্ত করেন। মুফতি কাসেমী সকল মতামতকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেন এবং একটি নতুন, উন্নত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন চান্দিনা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এসময় সভায় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সভাপতি ক্বারী সাইফুল ইসলাম সরকার, উজানী মাদরাসা মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলার সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন ভুঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলার সাংগঠনিক  সম্পাদক মাওলানা কামাল হোসাইন ফরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলার প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান, উপজেলা অর্থ সম্পাদক হাসনাত মোহাম্মদ মুহিত রনি ও চান্দিনা উপজেলা সহকারী সাংগঠনিক সম্পাদক জোবায়ের খান ফরাজী।

মনোহরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম
মনোহরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৩

কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলার গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ধানের শীষের প্রার্থী আবুল কালামের সমর্থকরা এই হামলা চালিয়েছে। এতে অন্তত ৩ জন কর্মী আহত হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার (দুপুরে) উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের রাজাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচনী গণসংযোগে রাজাপুর গ্রামে পৌঁছালে রহমত উল্লাহর নেতৃত্বে আলআমিন, হিরন, খোকন, বিল্লাল, ইয়ামিন, সোলেমান, কাউসারসহ ধানের শীষের প্রার্থী আবুল কালামের একদল সমর্থক অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালায়। এ সময় রতন, তানভীর, মহসিন ও রফিকুল ইসলামসহ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে আবুল কালামের সন্ত্রাসী বাহিনী আমার নেতাকর্মীদের ওপর হামলা করে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন,
হামলার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে জর্জরিত রুবেলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম
অভিযোগে জর্জরিত রুবেলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন রুবেলের বিরুদ্ধে একাধিক ভয়াবহ অভিযোগে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, রুবেল দেশে বসে পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং কুমিল্লায় একাধিক মিছিলে অংশ নিয়েছেন। তাদের অভিযোগ, শান্ত কুমিল্লাকে অশান্ত করতে তিনি উঠতি বয়সী যুবকদের হাতে অর্থ ও অস্ত্র তুলে দিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত রাখার চেষ্টা করছেন।

 

অভিযোগ রয়েছে, রুবেল ভারত থেকে নিষিদ্ধ মাদক এনে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেন। সুন্দরী নারী ও তরুণদের ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে তিনি বিপুল অর্থের মালিক হয়েছেন। তার সহযোগীদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে ছাত্র আন্দোলন দমন ও পীড়নের অভিযোগও উঠেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানোর ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, রুবেল ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করে একাধিক জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। সাধারণ মানুষের নামে তৈরি এনআইডি ব্যবহার করে গ্রেফতার হলে আসল অপরাধী পার পেয়ে যায়। এসব পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগও পাওয়া গেছে।

 

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রুবেল কখনো নিজেকে ডিবি পুলিশ, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রশাসনের লোক দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে। সম্প্রতি সদর দক্ষিণের লালবাগ এলাকায় পুকুর খননের মাটি পরিবহনের সময় শরীফ ও রিয়াদের তিনটি ড্রামট্রাক আটক করে রুবেল। ভুক্তভোগীদের দাবি, প্রথমে তাদের কাছে ৩০ লাখ টাকা দাবি করা হয়, পরে তা কমিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় ট্রাকগুলো প্রশাসনের কার্যালয়ে জমা দিয়ে অবৈধ মাটি পরিবহনের অভিযোগ সাজানো হয়।

 

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)-এর ভাই ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান সারওয়ারের ঘনিষ্ঠ পরিচয়কে পুঁজি করে রুবেল সাংস্কৃতিক সম্পাদক পদ বাগিয়ে নেন। সেই পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

 

সচেতন মহল বলছে, রুবেলের কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তারা নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

 

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,

“বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় আইনগত ব্যবস্থা নিতে পারছি না।”

 

এ বিষয়ে জামাল উদ্দিন রুবেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বরুড়ায় সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতারা

নাসির উদ্দিন প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:১৩ এএম
বরুড়ায় সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতারা

 

বরুড়া উপজেলার ১০নং উত্তর শিলমুড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ১০নং উত্তর শিলমুড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সুলতানপুর বাজারে মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সুলতানপুর বাজার গোল চত্বরে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য মিজানুর রহমান (মোল্লা), উপজেলা যুবদলের সদস্য ও সমাজসেবক মো. সোমন আহমেদ, মো. সাহিন হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাজী হারুনুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহনেওয়াজ, সাবেক ছাত্রনেতা শাহজান মিদ্দা, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বরুড়ার সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে বিপুল ভোটে বিজয়ী করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা জাকারিয়া তাহের সুমনকে একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতা উল্লেখ করে বলেন, উন্নয়ন ও জনগণের কল্যাণে তার বিকল্প নেই। আগামী নির্বাচনে তাকে বিজয়ী করার মাধ্যমে বরুড়াবাসী গণতন্ত্রের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

×
Skip to toolbar