ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার: কাজী দ্বীন মোহাম্মদ

কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার। মুসলমানদের মতো অন্য ধর্মের ভাইয়েরাও যেন সমান নাগরিক অধিকার ভোগ করতে পারে, সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। শত শত বছর ধরে ভিন্ন ধর্ম ও ভিন্ন মতাবলম্বীরা মিলেমিশে বসবাস করে আসছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনা ধারণ করেই শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন করতে হবে। সমাজের প্রতিটি স্তরে ধর্মীয় সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চা বৃদ্ধি করতে পারলেই সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের আড়াইওরা নমুসতপাড়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় কুমিল্লা মহানগরীর জামায়াতের নায়েবে আমীর ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুন বক্তব্য রাখেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, যুব বিভাগের সাধারণ সম্পাদক আবুল কালাম পাটোয়ারী, জামায়াত নেতা আবুল কাশেষ শামিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















