নিউইয়র্কে ইতিহাস গড়লেন মুসলিম মেয়র জোহরান মামদানি
যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কে নির্বাচনী ইতিহাসে রচিত হয়েছে এক নতুন অধ্যায়। ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি নির্বাচিত হয়েছেন শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে। এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, মামদানির এই জয় প্রগতিশীল ভোটারদের উজ্জীবিত করেছে এবং সমগ্র যুক্তরাষ্ট্রে সৃষ্টি করেছে আলোড়ন।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মামদানি সহজ ব্যবধানে পরাজিত করেছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে। কুয়োমো ডেমোক্র্যাটিক প্রাইমারিতে হেরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামস তার সমর্থনে ছিলেন। মামদানির জন্য এটি এক অবিস্মরণীয় উত্থান মাত্র এক বছরের মধ্যে তিনি একজন অখ্যাত স্টেট অ্যাসেম্বলিম্যান থেকে নিউইয়র্ক সিটির নেতৃত্বে পৌঁছেছেন।
মামদানির ঘোষিত কর্মসূচিতে রয়েছে ভাড়া নিয়ন্ত্রিত ফ্ল্যাটে ভাড়া বৃদ্ধিতে স্থগিতাদেশ, সার্বজনীন শিশুসেবা, বিনামূল্যে বাস চলাচল এবং সিটি করপোরেশন পরিচালিত মুদি দোকান। নির্বাচনী প্রচারণার শুরুতে তার সমর্থন ছিল মাত্র ১ শতাংশ, কিন্তু এক বছরের মধ্যে তিনি বিশাল ভোটে জয়ী হন। কুইন্সে এক সমাবেশে মামদানি বলেন, “এমন মুহূর্ত যেন আগে থেকেই নির্ধারিত ছিল। তবে যখন প্রচারণা শুরু করেছিলাম, সেখানে একটিও ক্যামেরা ছিল না।”
এনবিসি নিউজের এক্সিট পোল অনুযায়ী, মামদানি নিউইয়র্কের শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, লাতিনো এবং এশিয়ানসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ভোট পেয়েছেন। ৪৫ বছরের নিচের ভোটারদের মধ্যে তিনি কুয়োমোর থেকে ৪৩ পয়েন্টে এগিয়ে ছিলেন, যদিও ৪৫ বছরের ঊর্ধ্বে কুয়োমো সামান্য এগিয়ে ছিলেন। শিক্ষাগত পার্থক্য এবং নিউইয়র্কে জন্মসূত্রে থাকা ও নতুন বাসিন্দাদের মধ্যে ভোটের ভিন্নতা ছিল লক্ষণীয়।
মামদানির মুসলিম পরিচয় ও ফিলিস্তিনপন্থী অবস্থান নির্বাচনের সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেও ভোটাররা তাকে সমর্থন করেছেন। শেষ সপ্তাহগুলোতে মামদানি ও কুয়োমোর মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়। কুয়োমো তাকে ‘নিউইয়র্কে বিভাজন সৃষ্টিকারী’ বলেন, অন্যদিকে মামদানি কুয়োমোকে ট্রাম্পের ‘কাঠপুতলি’ বলে সমালোচনা করেন। রিপাবলিকান ভোটারদের মধ্যে ৬১ শতাংশ কুয়োমোর পক্ষে ভোট দেন।
এই জয় শুধু নিউইয়র্কে সীমাবদ্ধ নয়; এটি যুক্তরাষ্ট্রে প্রগতিশীল রাজনীতির জন্য এক নতুন দিক নির্দেশনা। মামদানির নেতৃত্বে শহর এগোবে সামাজিক ন্যায়, জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবেলা এবং সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার পথে। নতুন মুসলিম মেয়রের এই ইতিহাস সারা দেশের প্রগতিশীল রাজনৈতিক চেতনায় এক নতুন উদ্দীপনা যোগ করেছে।




















