বিপিএলে পাঁচ দল চূড়ান্ত বাদ পড়ল কুমিল্লা ফাইটার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য পাঁচটি দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার রাতে গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সভা শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা নির্ধারণ করা হয়।
রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের অধীনস্থ টগি স্পোর্টস। রাজশাহী পেয়েছে নাবিল গ্রুপ। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস। সিলেটের মালিক হয়েছেন ক্রিকেট উইথ সামি। ঢাকার মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।
তবে বাদ পড়েছে তিনটি আগ্রহী প্রতিষ্ঠান—দেশ ট্রাভেলস (রাজশাহী), আকাশবাড়ী হলিডেজ (বরিশাল) এবং এসএস গ্রুপ টেন টুয়েলভ স্পোর্টস (কুমিল্লা ফাইটার্স)। গভর্নিং কাউন্সিল জানিয়েছে, জমা দেওয়া কাগজপত্র চূড়ান্ত মূল্যায়নে সন্তোষজনক ছিল না। আর্থিক সক্ষমতা ও স্বচ্ছতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হয়নি। লিগ্যাল টিমের নিরীক্ষায়ও অসঙ্গতি ধরা পড়েছে।
সভা শেষে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, “চুলচেরা বিশ্লেষণ করে অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় দেখে এই পাঁচটা দল আমরা চূড়ান্ত করতে পেরেছি।”
আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়া হয়েছে। দলগুলোর সঙ্গে আলোচনা করে নাম চূড়ান্ত করা হবে। বুধবার থেকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না দিলে সংশ্লিষ্ট দলগুলোকে প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে দেওয়া হবে না।
এবারের বিপিএল শুরু হওয়ার সম্ভাব্য সময় ডিসেম্বরের মাঝামাঝি। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর।




















