মনোনয়ন বদলের দাবিতে কুমিল্লায় মশাল মিছিল, ইয়াছিন সমর্থকদের বিক্ষোভে উত্তাল নগরী
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ, সেনানিবাস ও সিটি করপোরেশন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে দলীয় মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর টাউন হল মাঠ থেকে শুরু হওয়া মশাল মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পূবালী চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক কর্মী-সমর্থক ‘ইয়াছিন ভাইয়ের মনোনয়ন চাই’, ‘অন্য কাউকে মানি না, মানবো না’, ‘আমি কে তুমি কে, ইয়াছিন ভাই ইয়াছিন ভাই’, ‘জেল-জুলুম, কারাগারে ইয়াছিন ভাই’—এমন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।
বিক্ষুব্ধ কর্মীরা অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে যিনি দলের নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন, তাকে উপেক্ষা করে রাজনীতির মাঠে অনুপস্থিত একজন বয়োজ্যেষ্ঠকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
এর আগে ৪ নভেম্বর ধর্মসাগর পাড়ের অস্থায়ী দলীয় কার্যালয় থেকেও ইয়াছিন সমর্থকেরা একই দাবিতে মশাল মিছিল করেন। ধারাবাহিকভাবে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
এ বিষয়ে মনোনয়ন বঞ্চিত হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম, হামলা-মামলায় আমি নেতা-কর্মীদের পাশে ছিলাম। তাই তাদের কষ্ট পাওয়া স্বাভাবিক। আমি শান্তিপ্রিয় মানুষ, কোনো উশৃঙ্খলতা পছন্দ করি না। আমি কাউকে আন্দোলনের আহ্বান দিইনি। হয়তো দলীয় নীতি-নির্ধারকদের কাছে কোনো তথ্যগত বিভ্রান্তি ছিল। আমার বিশ্বাস দল বিষয়টি নতুন করে ভাববে।”
উল্লেখ্য, কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন একই পদধারী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং এবি পার্টির মিয়া মোহাম্মদ তৌফিক।



















