মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি সহ ৪৬৮ বিদেশি আটক
মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিবাসন বিভাগের বিশেষ অভিযান ‘অপ গেমপুর’-এ ১৭৪ জন বাংলাদেশিসহ মোট ৪৬৮ জন বিদেশিকে আটক করা হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে অংশ নেন অভিবাসন বিভাগের ৫৪৭ জন সদস্য। অভিযানটি পরিচালিত হয় পাহাড়ি অঞ্চলের চারটি জোনজুড়ে যেখানে ব্যবসায়িক এলাকা নির্মাণকাজের স্থান এবং সবজি খামার অন্তর্ভুক্ত ছিল।
অভিযান চলাকালে দেখা যায় অধিকাংশ শ্রমিক সবজি প্যাকিংয়ে ব্যস্ত ছিলেন এবং কর্তৃপক্ষের উপস্থিতি টের না পাওয়ায় তারা পালানোর সুযোগ পাননি। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান জানান এক মাস ধরে অভিযোগ সংগ্রহ এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন এই অঞ্চলটি কৃষিকাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং বিদেশি শ্রমিকদের অতিরিক্ত উপস্থিতি স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করছে।
অভিযানে মোট ১৮৮৬ জনের কাগজপত্র যাচাই করা হয় এবং ৪৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ পাস বৈধ ভ্রমণ নথির অভাব এবং জাল সন্দেহের অস্থায়ী কর্মপাস প্রদর্শন। আটককৃতদের মধ্যে ৩৮৮ জন পুরুষ ৭৬ জন নারী এবং চার শিশু রয়েছে যাদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে।
জাতীয়তা অনুযায়ী আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন।
মিয়ানমার ১৭৫ জন
বাংলাদেশ ১৭৪ জন
ইন্দোনেশিয়া ৬৭ জন
নেপাল ২০ জন
পাকিস্তান ১৬ জন
ভারত ১১ জন
ফিলিপাইন থাইল্যান্ড শ্রীলঙ্কা চীন ও কম্বোডিয়া থেকে একজন করে
আটকদের কেলান্তান পেরাক ও সেলাঙ্গরের অভিবাসন হেফাজত কেন্দ্রে পাঠানো হবে বলে জানানো হয়েছে। অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে পরিচালিত অভিযানে মোট ৮৩৯৯৪ জন বিদেশিকে আটক করা হয়েছে।
এই অভিযান মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানেরই অংশ যেখানে বিদেশি শ্রমিকদের বৈধতা যাচাই এবং নিয়োগকারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

























