জিলা স্কুল এলামনাই নির্বাচন : এক নজরে বিজয়ীদের নাম
Oplus_131072
ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুলের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা জিলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশন’-এর নির্বাচন। ১৯৫৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রায় ২ হাজার প্রাক্তন শিক্ষার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেন।
গত ২৯ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইন ও সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অনলাইন ভোটিংয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৯৯১ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ১৬৬২ জন ভোট প্রদান করেন, যা মোট ভোটারের ৮৩.৪৮ শতাংশ। স্কুল প্রাঙ্গণে স্থাপিত গোপন বুথেও ভোটগ্রহণের ব্যবস্থা ছিল।
সভাপতি পদে আবু মোঃ শামীম এবং মহাসচিব পদে সাইফুল ইসলাম মান্টোর নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করে। শুধুমাত্র একজন নির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাফর আহমেদ বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনের প্রধান এ কে এম কামরুল ইসলাম জানান, “২০১১ সালে গঠিত হলেও এবারই প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় এলামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হলো। ৩৭টি পদে ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১৩টি পদে একক প্রার্থী থাকলেও বাকি ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়।”
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আবু মোঃ শামীম ও অন্যান্য বিজয়ীরা কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভাপতি আবু মোঃ শামীম বলেন, “এই ঐতিহাসিক নির্বাচনে অংশগ্রহণকারী সকল ভোটার ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা চাই, কুমিল্লা জিলা স্কুলের প্রতিটি প্রাক্তন শিক্ষার্থী এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে একসঙ্গে কাজ করুন। আমরা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাব।”
এক নজরে নির্বাচিতরা :
আবু মোঃ শামীম, সাইফুল ইসলাম মান্টো, দেওয়ান রাশেদুল হাসান, ফরহাদ আক্তার মোঃ শাহরিয়ার, আব্দুল হক, মেজর জেনারেল (অব.) মোঃ মোস্তাফিজুর রহমান, সারওয়ার আজম খান, মোঃ কবির আহমেদ, জসিম উদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ রেজাউল আলম হেলাল, সাজ্জাদ হোসেন, মাসুক আলতাফ চৌধুরী, এমকে জাকারিয়া, মোঃ সাইফুল আলম, সালমান সাঈদ, এ কে এম শরিফুল আলম সিদ্দিকী, মোঃ কামাল কাদের, মোস্তফা জামানুল বাহার, মোঃ মোজাম্মেল হক, ডা. আবু হেনা মোস্তফা বেলাল, মিয়া মোঃ তৌফিক, মোঃ শামসুজ্জামান মানিক, খালেদ ফয়সাল রহমান, মোহাম্মদ মফিজুর রহমান মজুমদার, হাসান আহমেদ ভূঁইয়া, মোঃ আবু তাহের তপন, মোঃ নজরুল ইসলাম, ডা. মাহবুবুল ইসলাম, মোঃ ফয়জুর রশিদ, ডা. নাফিস ইমতিয়াজ আহমেদ, এইচ এন আশিকুর রহমান, মোঃ হাসানুজ্জামান, ডা. জাহিদুল ইসলাম রিয়াজ, জালাল উদ্দিন দুলাল রূপক, মোঃ আবুল কালাম, ডা. প্রিয়ম চক্রবর্তী, জাফর আহমেদ।
১৮৩৭ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা জিলা স্কুল দেশের অন্যতম প্রাচীন ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। এলামনাই অ্যাসোসিয়েশনের এই নির্বাচন প্রাক্তনদের মধ্যে বন্ধন দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে।
—




















