জোড় ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু মোট প্রাণহানি ৫
Oplus_131072
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের বাংলাদেশ শুরায়ী নেজাম (যোবায়ের) গ্রুপের ব্যবস্থাপনায় চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমার তৃতীয় দিনে এসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।
রোববার (৩০ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি বলেন, “আল্লাহ তাআলা সকল মৃত মুসল্লিকে জান্নাতুল ফেরদাউস দান করুন।”
নিহতরা হলেন—সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২) এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার নাজির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (১০০)।
বাদল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, রোববার ভোর পৌনে ৫টার দিকে ইজতেমা মাঠেই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন শতবর্ষী মুসল্লি মঈন উদ্দিন।
উল্লেখ্য, ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। দেশ-বিদেশ থেকে আগত হাজারো মুসল্লির অংশগ্রহণে ইজতেমা ময়দান এখন পরিণত হয়েছে এক আত্মশুদ্ধির মিলনমেলায়।


















