জুলাই অভ্যুত্থানের ভুল স্বীকার করলেন জয়, ক্ষমা চাইলে কি পাবো?
Oplus_131072
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, জুলাই অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে ভুল হয়েছিল। তবে আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাওয়ার দাবির বিপরীতে তিনি পাল্টা প্রশ্ন তুলে বিতর্কের জন্ম দিয়েছেন।
সাক্ষাৎকারে জয় বলেন, “আওয়ামী লীগ সরকারের ভুল হয়েছে, সেটা আমরা সব সময় বলে এসেছি। শুরুর দিকের আন্দোলনে ভুল হয়েছে, পরেও ভুল হয়েছে। তবে সেটার তো স্পষ্ট তদন্ত করতে হবে।” তিনি দাবি করেন, তার মা শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী হিসেবে ৫ আগস্টের আগেই একটি জুডিশিয়াল কমিশন গঠন করেছিলেন হত্যাকাণ্ডের তদন্তে।
আওয়ামী লীগের পক্ষ থেকে আন্দোলনে নিহতদের জন্য কোনো অনুশোচনা নেই—এমন সমালোচনার জবাবে জয় বলেন, “ক্ষমা চাইলে কি তারা সবকিছু ছেড়ে দেবে? সেটা তো না।” তিনি আরও বলেন, “আপনি এক হাতে বলছেন যে আওয়ামী লীগের ক্ষমা চাইতে হবে, অন্য হাতে বলছেন যারা পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে, তাদের খুন সব মাফ। সেটা কীভাবে হয়?”
তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ডের জন্য বর্তমান ইউনূস সরকার ইনডেমনিটি দিয়েছে। ফলে একপাক্ষিকভাবে আওয়ামী লীগের ওপর দায় চাপানো অনৈতিক বলেই তিনি মনে করেন।
এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছেন, এটি দায় স্বীকারের ভাষাগত কৌশল, আবার কেউ বলছেন, এটি দায় এড়ানোর কৌশল মাত্র। তবে এটুকু স্পষ্ট, দীর্ঘদিন পর আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের একজন উত্তরসূরি সরাসরি ভুল স্বীকার করলেন, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
























