ভোরের পাতার ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া সড়ক দু/র্ঘ/টনায় নি-হ-ত
Oplus_131072
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩)। রোববার (৩০ নভেম্বর) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জহির ভূঁইয়ার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে হলেও তিনি ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকায় পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করতেন। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
তার ছেলে রাকিব ভূঁইয়া তামিম জানান, “বাবা দুপুরে অফিসের উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হন। কিছুক্ষণ পর পথচারীরা ফোন করে দুর্ঘটনার খবর দেয়। হাসপাতালে নেওয়ার পরও তার জীবন রক্ষা করা যায়নি।”
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, “মরদেহটি মর্গে সংরক্ষণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
জহির ভূঁইয়ার মৃত্যুতে তার কর্মস্থল ঢাকাসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। ক্রীড়া সাংবাদিকতা অঙ্গনে তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ও অভিজ্ঞ ব্যক্তিত্ব। তার অকাল মৃত্যুতে সহকর্মীরা শোকাহত।
দৈনিক কুমিল্লার ডাক পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।






















