ঘুসের রাজত্বে এলজিইডি ঠিকাদারদের রক্তচাপ চরমে
Oplus_131072
কুমিল্লায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিনের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ঠিকাদাররা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে তাঁরা প্রকৌশলীর অপসারণ দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘুস না দিলে চলমান রাস্তা ও ব্রিজ প্রকল্পগুলোর বিল আটকে রাখেন আবদুল মতিন। এতে অনেক কাজ মাঝপথে থেমে গেছে, জনগণ পড়েছে চরম দুর্ভোগে। অনেক ব্রিজের জমি এখনো অধিগ্রহণ না করায় কাজ শুরু করেও বন্ধ হয়ে আছে। নির্ধারিত ঘুস না দেওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে না, জমিও অধিগ্রহণ করা হচ্ছে না। এতে ঠিকাদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, জনগণ পাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা।
মাইনুদ্দিন বাঁশি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার নাঈমুর ইসলাম জানান, ঘুস না দেওয়ার কারণে সিআইবিআরআর প্রকল্পের আওতায় দাউদকান্দি উপজেলার বাতাকান্দি থেকে মোহনপুর লঞ্চঘাট পর্যন্ত ৫৭০ মিটার পিএসসি গার্ডার ব্রিজের কাজের সময়সীমা বাড়ানো হয়নি। জমি অধিগ্রহণ না হওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। এছাড়া ব্রিজের ডিজাইনেও ছিল ত্রুটি।
বুড়িচং উপজেলার বারেশ্বর বাবুরবাড়ী এলাকায় সিসিবি প্রকল্পের আওতায় ২৭ মিটার গার্ডার ব্রিজের প্রথম বিল আটকে রাখার অভিযোগ করেন মেসার্স শশী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কামাল হোসেন। তিনি বলেন, “ঘুস না দেওয়ায় আমাদের এক কোটি চার লাখ টাকার বিল সাত মাস ধরে আটকে রেখেছে। আমরা চরম আর্থিক সংকটে আছি।”
ঠিকাদাররা আরও অভিযোগ করেন, এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী রায়হান ও ল্যাব ইনচার্জ আকরাম ঠিকাদারদের জিম্মি করে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা ঘুস আদায় করছেন। ঘুস না দিলে সিলিন্ডার টেস্টে ফেল, নির্মাণসামগ্রীর মান খারাপ এই অভিযোগে বিল আটকে দেওয়া হয়। একাউন্টেন্ট আবু কাউসার নির্বাহী প্রকৌশলীর ঘুষ লেনদেনের দায়িত্বে আছেন বলেও অভিযোগ ওঠে। এসব অনিয়মে বহু ঠিকাদার পথে বসে গেছেন বলে দাবি করেন বক্তারা।






















