জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট
Oplus_131072
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্বপূর্ণ পদে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন। এতে বলা হয়, ইসি সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পদে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়োগ সংবিধানের ১২৬ অনুচ্ছেদের লঙ্ঘন। কারণ, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের, নির্বাহী বিভাগের নয়।
রিটে আরও বলা হয়, বিচার বিভাগের মতো নির্বাচন কমিশনকেও একটি পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য ইসির নিজস্ব ক্যাডার সার্ভিস ও লোকবল থাকা বাধ্যতামূলক।
আইনজীবী ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “সরকার ও ইসি ইতোমধ্যে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করে তাদের আবারও নির্বাচনী দায়িত্ব দেয়ার ইঙ্গিত দিয়েছে। এতে করে আরেকটি প্রভাবিত ও একপেশে নির্বাচন অনিবার্য হয়ে উঠবে।”
রিটে ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠন করে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার, ইসি সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের কোনো বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

















