চান্দিনায় মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের মতো কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা একযোগে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রেখে আন্দোলনে অংশ নেন।
এর আগে ৩০ নভেম্বর দুই ঘণ্টার কর্মবিরতি এবং ৩ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি পালন করেছিলেন তারা।
আন্দোলনকারীরা জানান, ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন থাকলেও দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা এবং সময়ক্ষেপণের কারণে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হচ্ছে।
তারা আরও বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ সৃষ্টির পর থেকে কোনো পদোন্নতির সুযোগ রাখা হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। অথচ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, নার্স ও কৃষিবিদদের ইতোমধ্যে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে।
তাদের হুঁশিয়ারি দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে হাসপাতালের জরুরি বিভাগ কর্মবিরতির আওতার বাইরে ছিল। তবুও কর্মসূচির কারণে সাধারণ রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটে। রোগীরা ভোগান্তির কথা জানালেও স্বাস্থ্যকর্মীদের ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন।















