এআই দিয়ে বানানো জুয়ার বিজ্ঞাপন-ড. ইউনুসসহ সেলিব্রেটিদের মুখ ব্যবহার
Oplus_131072
দেশজুড়ে মোবাইল ফোনে কথা বলা, অ্যাপ ব্যবহার কিংবা ভিডিও দেখার সময় হঠাৎ হঠাৎ ভেসে উঠছে চটকদার জুয়ার বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপন শুধু বিরক্তিকরই নয়, বরং ভয়াবহভাবে প্রভাব ফেলছে তরুণ সমাজের ওপর।
সম্প্রতি দেখা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হচ্ছে এমন সব ভিডিও, যেখানে দেশের খ্যাতিমান ব্যক্তিত্বদের মুখমণ্ডল ও কণ্ঠস্বর নকল করে প্রচার করা হচ্ছে জুয়া খেলার উৎসাহমূলক বার্তা। সরকারের উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসসহ একাধিক জ্ঞানী-গুণী ব্যক্তি, রাজনীতিবিদ ও সেলিব্রেটিদের মুখ ব্যবহার করে বানানো হচ্ছে এসব ভুয়া ভিডিও।
বিশেষজ্ঞরা বলছেন, এসব বিজ্ঞাপন মেটা প্ল্যাটফর্মের নীতিমালা ও বাংলাদেশের প্রচলিত আইন উভয়ই লঙ্ঘন করছে। ডিসমিসল্যাবের এক গবেষণায় দেখা গেছে, এসব বিজ্ঞাপন মূলত দরিদ্র ও বেকার তরুণদের লক্ষ্য করে বানানো হয়, যাতে তারা সহজে লাভের আশায় অনলাইন ক্যাসিনোতে জড়িয়ে পড়ে।
এদিকে, মোবাইল ব্যাংকিং খাতে ‘নগদ’ অ্যাপের মাধ্যমে তুলনামূলক কম সার্ভিস চার্জ থাকায় জুয়ারিরা এই মাধ্যমেই টাকা রিচার্জ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, “জুয়ারিরা এতটাই মরিয়া যে, কমিশনের বাইরে ১০–২০ টাকা বেশি নিলেও তারা রিচার্জ করে। কেউ কেউ রাতভর দোকান খোলা রেখে জুয়ারিদের সেবা দিচ্ছে।”
এই পরিস্থিতিতে পারিবারিক অশান্তি, অর্থনৈতিক ক্ষতি ও সামাজিক অবক্ষয় বাড়ছে। অনেক পরিবারে দেখা দিচ্ছে কলহ, অবিশ্বাস ও বিচ্ছেদের মতো ঘটনা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি উঠেছে এই এআই-নির্ভর প্রতারণামূলক জুয়া বিজ্ঞাপন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের।















