সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে শাস্তি-সৌদিতে আটক বাংলাদেশি
Oplus_131072
সৌদি আরবে অনুমতি ছাড়া রাজনৈতিক সভা-সমাবেশ আয়োজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে।
দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি ইসতেরাহা, হলরুম, হোটেল-রেস্তোরাঁ এবং ব্যক্তিগত বাসাবাড়িতে বিভিন্ন সংগঠনের ব্যানারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছিল। এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করে।
দূতাবাস জানায়, সৌদি আইনে অনুমোদন ছাড়া কোনো ধরনের রাজনৈতিক সভা, দলবদ্ধ প্রচারণা কিংবা সংশ্লিষ্ট কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি সামাজিক মাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচারও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়।
এ প্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সতর্ক করে দূতাবাস বলেছে, “অনুমোদনহীন সভা-সমাবেশ, রাজনৈতিক প্রচারণা এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকুন।” একই সঙ্গে সৌদি আরবের প্রচলিত আইনকানুন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়, “আইন মেনে চলাই প্রবাসীদের নিরাপত্তা, কর্মসংস্থান ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার অন্যতম শর্ত।”
দূতাবাসের এই সতর্কবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।















