ওমরাহ নয় নগদই মোহর হবে
Oplus_131072
ইসলামে বিয়ের সময় মোহর নির্ধারণ করা ওয়াজিব। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং স্ত্রীর প্রতি স্বামীর সম্মান, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন— “আর তোমরা নারীদেরকে উপহার হিসেবে তাদের মোহর দিয়ে দাও।” (সুরা নিসা: আয়াত ৪)
মোহর কোনোভাবেই নারীর মূল্য নয়; এটি একটি ‘নিহলাহ’ বা উপহার। এর প্রকৃত মালিক স্ত্রী নিজেই—তার পরিবার বা অভিভাবক নয়। স্ত্রী চাইলে ইচ্ছায় মোহরের কোনো অংশ ছেড়ে দিতে পারেন, তবে তা তার পূর্ণ সম্মতির ভিত্তিতে হতে হবে।
বিয়ের সময় মোহর হিসেবে স্বর্ণ, রৌপ্য কিংবা নগদ অর্থ নির্ধারণ করা বৈধ। যেমন—পাঁচ ভরি স্বর্ণ, বায়ান্ন তোলা রৌপ্য বা পাঁচ লক্ষ টাকা ইত্যাদি। তবে সাম্প্রতিক সময়ে অনেকেই মোহর হিসেবে হজ বা ওমরাহ করানোর প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এ বিষয়ে ইসলামী শরিয়তের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট।
বিজ্ঞ আলেমদের মতে, হজ বা ওমরাহকে সরাসরি মোহর হিসেবে নির্ধারণ করা শরিয়তসম্মত নয়। বিয়ের আকদের সময় যদি ওমরাহকে মোহর হিসেবে উল্লেখ করা হয়, তাহলে বিয়ে বৈধ হলেও মোহর হিসেবে তা গণ্য হবে না। বরং স্ত্রীর জন্য মোহরে মিছাল—অর্থাৎ তার সমপর্যায়ের নারীদের প্রচলিত মোহর—ওয়াজিব হবে।
তবে বিয়ের পর যদি স্বামী-স্ত্রী পরস্পরের সম্মতিতে মোহরের অর্থ দিয়ে হজ বা ওমরাহ সম্পন্ন করার সিদ্ধান্ত নেন, তাহলে তা বৈধ। এক্ষেত্রে স্ত্রীর সম্মতি অপরিহার্য। যদি স্ত্রী নগদ অর্থই চান, তবে স্বামীকে তা পরিশোধ করতেই হবে। কারণ মোহর স্ত্রীর নিজস্ব অধিকার—সে তা যেভাবে খরচ করবেন, সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়।
এই প্রসঙ্গে ইসলামী শিক্ষার আলোকে সমাজে সচেতনতা বাড়ানো জরুরি, যেন মোহরকে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং নারীর অধিকার ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

















