সওজের জমিতে সিন্ডিকেটের রাজত্ব, হারাচ্ছে কোটি কোটি রাজস্ব
Oplus_131072
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক—বাংলাদেশের অর্থনীতির প্রধান শিরা। অথচ এই জাতীয় ফোরলেন মহাসড়কের কুমিল্লা অংশে দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটারজুড়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে উঠেছে শত শত বাণিজ্যিক ও আবাসিক স্থাপনা।
সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, এসব স্থাপনার অধিকাংশই কোনো বৈধ অনুমোদন ছাড়াই বছরের পর বছর ধরে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করছে। পেট্রোল পাম্প, সিএনজি ফিলিং স্টেশন, হোটেল-রেস্টুরেন্ট, ফাস্টফুড, ক্লিনিক, হাসপাতাল, গুদামঘর, এমনকি মাছের ঘের ও কৃষিজমিও রয়েছে এই দখলের আওতায়।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব স্থাপনা গড়ে তুলতে সওজ কর্মকর্তাদের সঙ্গে ‘ম্যানেজমেন্টের টাকা’ নামে মোটা অঙ্কের ঘুষ লেনদেন হয়। ফলে অবৈধ স্থাপনাগুলো বৈধ রূপে টিকে থাকে বছরের পর বছর।
সওজের কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা স্বীকার করেছেন, মহাসড়কের পাশে থাকা কোনো প্রতিষ্ঠানই তাদের কাছ থেকে অনুমতি নেয়নি। ফলে সরকার প্রতিবছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, আর কিছু অসাধু কর্মকর্তা ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন।
সচেতন মহল বলছে, এই লুটপাট বন্ধে জরুরি ভিত্তিতে স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে সওজের জমি চিহ্নিত করে স্থায়ী উচ্ছেদ ও আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়কটি অবৈধ বাণিজ্যের স্থায়ী হাটে পরিণত হবে।















