চিরবিদায় বেগম খালেদা জিয়া জানাজা বুধবার মানিক মিয়া এভিনিউতে
Oplus_131072
বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সময় সংবাদকে জানান, বেগম জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, পাকিস্তানের বেনজির ভুট্টোর পর। তার রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম, সাহস ও নেতৃত্বের প্রতিচ্ছবি। দেশের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবেন তিনি।
বিএনপি ও তার অগণিত অনুসারীরা এই শোকাবহ সময়ে গভীর শোক প্রকাশ করেছেন। দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।














