ওমানে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসীসহ ৪ জন নিহত
Oplus_131072
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসীসহ চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১ জানুয়ারি ভোর ৫টায় ওমানের রাজধানী মাস্কাটের আজেইবা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন কুমিল্লা জেলার এবং বাকি দুইজন কক্সবাজার জেলার বাসিন্দা।
বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে ভোরবেলা একটি প্রাইভেট গাড়িতে করে কর্মস্থলে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় চারজনই মারা যান।
নিহত কুমিল্লাবাসীরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সিডালির মো. শাহজাহানের ছেলে মো. রুবেল বয়স ৩১ এবং মনোহরগঞ্জ উপজেলার আবু তাহেরের ছেলে হারুন অর রশিদ বয়স ৩২। অপর দুইজন হলেন কক্সবাজারের রামু উপজেলার ৪ নম্বর ওয়ার্ড মন্ডল পাড়ার সাঈদ নুরের ছেলে লোকমান হাকিম রুমেল বয়স ৪৩ এবং উখিয়া উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ঝুমকা নাপিত পাড়ার হাসি রাম শীলের ছেলে প্রদীপ শর্মা নিলয় বয়স ৩৪।
তাদের মরদেহ বর্তমানে মাস্কাটের রিছাইল মদিনাতুল তাব্বা এলাকার মেডিকেল সিটি মেলেটারি হসপিটাল এমসিএমএসএস হিমঘরে রাখা হয়েছে।
গাড়িচালক বাংলাদেশি সাঈদ যিনি কুমিল্লার বাসিন্দা বর্তমানে মাস্কাটের কোলা হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
এই মর্মান্তিক ঘটনায় ওমানে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে জীবন সংগ্রামে নেমে এমন করুণ পরিণতি গোটা জাতিকে শোকাহত করেছে।


















