তিতাসে আধিপত্যের জেরে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে মামলা
Oplus_131072
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুকবুল হোসেন বাদী হয়ে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েলকে প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখসহ আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে তিতাস থানায় মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিককান্দি গ্রামের আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা গ্রুপ এবং সাবেক মেম্বার সাইফুল ইসলাম ও মোকাররম হোসেনের নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর অনুসারী সাইফুল মেম্বার গ্রুপের মোকাররম ও মুকবুলসহ ৮-১০ জন বিএনপির নির্বাচনি কমিটি গঠন করে জগতপুর থেকে ফেরার পথে আবুল হোসেন মোল্লার গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে আবু মোল্লা গ্রুপের দুইজন আহত হন।
অভিযোগ রয়েছে, ঘটনার পরপরই এসহাক মোল্লা জুয়েলের নেতৃত্বে বিএনপির অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়। মামলার বাদী মুকবুল হোসেন বলেন, “আমার ভাই মোকাররমকে শাকিল নামে এক যুবক হুমকি দিলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আমাদের অফিসে হামলা চালানো হয়।”
অন্যদিকে অভিযুক্ত এসহাক মোল্লা জুয়েল দাবি করেন, “আমাদের লোকজনকে মারধর করা হয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। বিএনপি রাজনৈতিক ফায়দা নিতে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”
তিতাস থানার ওসি আরিফ হোসেন জানান, “উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”















