ব্রাহ্মণপাড়ায় ড্রেজার দৌরাত্ম্য কৃষিজমি ধ্বংসের মুখে
Oplus_131072
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার কার্যক্রম ভয়াবহ রূপ নিয়েছে। উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে দিন-রাত নির্বিঘ্নে চলছে এই অবৈধ কর্মকাণ্ড। এতে একদিকে যেমন উর্বর কৃষিজমি ধ্বংস হচ্ছে, তেমনি পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপরও সৃষ্টি হয়েছে মারাত্মক হুমকি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুলালপুর, চান্দলা, মাধবপুর, সাহেবাবাদ, সিদলাই ও শশীদলসহ প্রায় সব ইউনিয়নে একাধিক অসাধু ব্যবসায়ী প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে ফসলি জমি থেকে গভীরভাবে মাটি উত্তোলন করছে। উত্তোলিত মাটি বিভিন্ন স্থানে জমি ভরাট ও বিক্রির কাজে ব্যবহৃত হচ্ছে। এতে জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে এবং জমির পরিমাণও কমে যাচ্ছে।
উপজেলা প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে কিছু ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলেও কার্যক্রম থেমে নেই। স্থানীয়দের অভিযোগ, অভিযান শেষ হলেই আবার শুরু হয় মাটি কাটার উৎসব। এসব অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এবং কিছু তহশিল কর্মকর্তার সহযোগিতায় নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, মাটি কাটার ফলে তাদের জমিতে ফসল ফলানো কঠিন হয়ে পড়েছে। অনেক জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে। পাশাপাশি বসতবাড়ি, রাস্তা ও আশপাশের জমি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
এমতাবস্থায় এলাকাবাসী দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, নিয়মিত অভিযান এবং ড্রেজার মালিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা মনে করেন, কঠোর ব্যবস্থা না নিলে ব্রাহ্মণপাড়ার কৃষিজমি ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে না।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ জাহান বলেন, “আমি নিজেই অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেওয়া হয়েছে নিয়মিত অভিযান চালাতে। ইতোমধ্যে অনেক ড্রেজার ধ্বংস করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।”













