নিখোঁজ এনসিপি সদস্যকে পাওয়া গেল নিরাময় কেন্দ্রে, স্ত্রীর অভিযোগে চমক
Oplus_131072
রাজধানীর কদমতলী এলাকায় ‘আইন-শৃঙ্খলা বাহিনী’ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগের তিন দিন পর মো. ওয়াসিম আহমেদ মুকছান (৪০) নামের এক ব্যক্তিকে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তবে তদন্তে জানা গেছে, তাকে কোনো বাহিনী নয়, বরং পরিবারের সদস্যরাই গোপনে নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন। ওয়াসিম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতকাল মঙ্গলবার কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি নিরাময় কেন্দ্র থেকে ওয়াসিমকে উদ্ধার করা হয়।
এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে কদমতলীর রাজাবাড়ী আলী বহর এলাকার বাসা থেকে ৫-৬ জন ব্যক্তি নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওয়াসিমকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী শারমিন আক্তার টুম্পা। ওই দিনই তিনি কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর কদমতলী থানা পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, ওয়াসিম কোনো বাহিনীর হাতে নয়, বরং একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রয়েছেন।
তদন্তে উঠে আসে, ওয়াসিম ও তার স্ত্রী আলাদা ভাড়া বাসায় থাকতেন। দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়ে। পরিবারের সম্মতিতে ছোট ভাই রাকিব তাকে স্ত্রীর অজান্তে নিরাময় কেন্দ্রে ভর্তি করান। ভোরবেলা রোগীদের কেন্দ্রে নেওয়া সহজ হওয়ায় তারা ওই সময়টি বেছে নেন। আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দেওয়ার কোনো সত্যতা পুলিশ পায়নি।
পরিবারের আবেদনের পর মঙ্গলবার বিকেলে ওয়াসিমকে তার স্ত্রী শারমিন আক্তার টুম্পার কাছে হস্তান্তর করা হয়।

















