চান্দিনায় বাস উল্টে দুইজন নি-হ-ত আহত ১২
Oplus_131072
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার দড়ানিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৬২৭৩) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অতিরিক্ত গতি ও চালকদের অসতর্কতা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।













