আওয়ামী লীগ নেতার সাথে ওসির বৈঠক!
Oplus_131072
লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহর বিরুদ্ধে একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতার বাড়িতে গভীর রাতে গোপন বৈঠকে অংশগ্রহণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সিন্দুর্না ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন তাজুর বাসভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন তাজু ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগের ডামি প্রার্থী ছিলেন এবং বর্তমানে তিনি একাধিক মামলার আসামি। অভিযোগ রয়েছে, ওই রাতে তার বাড়িতে ‘দাওয়াতের’ নামে আওয়ামী লীগের অন্তত ছয়জন শীর্ষ নেতার উপস্থিতিতে একটি গোপন বৈঠক হয়, যেখানে ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে ওই বাড়ির সামনে জড়ো হতে শুরু করলে ওসি দ্রুত স্থান ত্যাগ করেন। একটি সূত্র জানায়, বৈঠকে জেলার বাইরে কর্মরত প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আমজাদ হোসেন তাজুর স্ত্রী শাপলা আক্তার দাবি করেন, এটি ছিল একটি পারিবারিক দাওয়াত, কোনো রাজনৈতিক বৈঠক নয়।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন জানান, পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দাওয়াত খেতে গিয়েছিলেন, ওসি কেবল সৌজন্য সাক্ষাৎ করতে সেখানে যান। তবে পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ওসি নতুন যোগদান করেছেন এবং তিনি আসামির খোঁজ নিতে সেখানে গিয়েছিলেন, দাওয়াত খাওয়ার বিষয়টি সঠিক নয়।
এদিকে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন বৈঠক প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, যা অত্যন্ত দুঃখজনক।















