কুমিল্লায় শতবর্ষী পুকুর ভরাট: পরিবেশ আইন লঙ্ঘন, জনদুর্ভোগ ও অগ্নিনিরাপত্তা হুমকির মুখে
কুমিল্লা নগরীর সুজানগর এলাকায় শতবর্ষী একটি ঐতিহ্যবাহী পুকুর রাতের আঁধারে ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, ১৭ নম্বর ওয়ার্ডের সুন্নিয়া জামে মসজিদের পশ্চিম পাশে অবস্থিত পুকুরটি বিগত এক শতাব্দী ধরে ওযু, গোসল ও দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়ে আসছে। অভিযোগ রয়েছে, মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ আবুল কালাম আজাদ গোপনে রাতের বেলায় মাটি ফেলে পুকুরটি ভরাট করছেন।
পুকুরটির খতিয়ান নম্বর ২৪, বি.এস. দাগ ৪০৭, মৌজা সোজাগঞ্জ, জে.এল. নম্বর ১৫৯। এলাকাবাসী ও পুকুরের ওয়ারিশগণ পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জোনে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, পুকুরটি ভরাট হলে শুধু পরিবেশগত ভারসাম্যই নষ্ট হবে না, বরং সামাজিক ও নাগরিক জীবনে চরম ভোগান্তি নেমে আসবে।
স্থানীয়দের মতে, এটি এলাকার একমাত্র প্রাকৃতিক জলাধার। দীর্ঘদিন ধরে এটি পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন এবং অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পানির উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পুকুরটি ভরাট হলে বর্ষাকালে জলাবদ্ধতা বাড়বে এবং অগ্নিনির্বাপণে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০২৩) এর ধারা ৬(১) অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভূমির প্রকৃতি পরিবর্তন করতে পারে না। প্রাকৃতিক জলাধার ভরাটের অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এছাড়া, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এর ধারা ৫ অনুযায়ী, জলাশয়ের শ্রেণি পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ। এই আইনের আওতায় দোষী ব্যক্তিকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া যেতে পারে।
আইন অনুযায়ী, সিটি করপোরেশনের দায়িত্ব হলো অবৈধভাবে পুকুর ভরাট রোধে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা এবং পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে আইন প্রয়োগ নিশ্চিত করা। জনস্বার্থে জলাধার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে।
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে পুকুর ভরাট কার্যক্রম বন্ধ করে পরিবেশ, ঐতিহ্য ও নাগরিক অধিকার রক্ষা করা হোক। তাদের আশঙ্কা, এই পুকুরটি হারিয়ে গেলে শুধু একটি জলাধার নয়, হারিয়ে যাবে একটি শতবর্ষী ইতিহাস এবং একটি সম্প্রদায়ের জীবনযাত্রার অবলম্বন।














