ফিটনেসবিহীন বাসে আগুনে পুড়ে মৃত্যু, মালিক গ্রেপ্তার
Oplus_131072
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বাবা-ছেলেসহ চারজন নিহত হওয়ার ঘটনায় সিডিএম পরিবহনের বাস মালিক ইউসুফ মাঝিকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।
তিনি জানান, “বাসটির চালক অদক্ষ এবং বাসটির ফিটনেস ছিল মেয়াদোত্তীর্ণ। মালিক হিসেবে ইউসুফ মাঝি দায় এড়াতে পারেন না।”
আটক ইউসুফ মাঝি বরিশালের বাবুগঞ্জ থানার কেদারপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে। চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে একটি মোটরসাইকেল ও অটোরিকশার উপর। মুহূর্তেই আগুন ধরে যায় বাস ও মোটরসাইকেলে।
এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী বাবা মো. শামীম (৪১) ও তার ছেলে নাদিম (৬), বাসযাত্রী হোসাইন (২) এবং চল্লিশোর্ধ্ব এক অজ্ঞাত নারী।
নিহত শামীম ও নাদিম দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের পেন্নাই পলুদ্দিপাড় গ্রামের বাসিন্দা। হোসাইন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মাঝেরচর গ্রামের বাসিন্দা সুমন মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন যাত্রী। দুর্ঘটনার পরপরই বাস চালক ও সুপারভাইজার পালিয়ে যায়।
সড়ক পরিবহন আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং চালক ও সুপারভাইজারকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।





















