নবীনগরে খাজা মাইনু চিশতির ওরশে বিএনপি প্রার্থী মান্নান
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে গরীবে নেওয়াজ খাজা মাইনু উদ্দিন চিশতি (রহ.)-এর স্মরণে ১০ম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি ২০২৫) রাতে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট এম এ মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর উপজেলা তাঁতী দলের সভাপতি ইফতেখার খাঁন মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী মো. আবু কাউছার আহম্মেদ, বিএনপি নেতা বিপ্লব সরকার, মো. স্বপন মিয়া, মো. সজিব, মো. মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ওরশ মোবারকে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত হাজারো ভক্ত-অনুরাগীর জন্য তবরুক বিতরণ করা হয়।
রাতভর আধ্যাত্মিক পরিবেশে বাউল গান পরিবেশন করেন দেশের খ্যাতনামা বাউল শিল্পী ইয়ামিন সরকার ও চন্দ্রা সরকার। তাদের সুরে ভক্তদের মাঝে সৃষ্টি হয় এক অনন্য আবেগঘন পরিবেশ।




















