পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু
Oplus_131072
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে খুশাব শহরের দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় ঘন কুয়াশার মধ্যে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন। তারা সবাই খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের দিকে যাচ্ছিলেন। যাত্রীরা সবাই শ্রমজীবী মানুষ, যারা কাজের সন্ধানে রওনা হয়েছিলেন।
দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, রাত ১১টা ২২ মিনিটে তারা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয় এবং আহতদের হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন প্রাণ হারান।
আহতদের মধ্যে দুজনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং সাতজনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন, যা দুর্ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।




















