রাজনৈতিক সম্মেলনে সাংবাদিকদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছে কর্মীদের মোবাইল
বাংলাদেশজুড়ে রাজনৈতিক সম্মেলন ও জনসভায় সাংবাদিকদের কাজের পরিবেশ দিন দিন সংকুচিত হচ্ছে। অনেক সময় দেখা যায়, কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে সংবাদকর্মীদের তথ্য সংগ্রহে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা নিজেরাই লাইভ করছে, সেলফি তুলছে, ভিডিও ধারণ করছে ফলে পেশাদার সাংবাদিকরা সংবাদ তৈরির জন্য প্রয়োজনীয় ছবি ও ফুটেজ নিতে পারছেন না।
অন্যদিকে, প্রেস রিলিজ আগেই পেয়ে যাওয়ায় অনেক অদক্ষ সংবাদকর্মী সিনিয়র সাংবাদিকদের পেছনে ফেলে সামনের সারিতে বসে থাকে। বাস্তবে যাদের সাংবাদিকতার ন্যূনতম জ্ঞান নেই, তারাও শুধু প্রেস রিলিজ কপি-পেস্ট করে সংবাদ প্রকাশ করছে। এতে সাংবাদিকতার মান ক্ষুণ্ণ হচ্ছে এবং পেশাদার সংবাদকর্মীদের মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
সাংবাদিক সমাজ মনে করে, রাজনৈতিক নেতাদের উচিত তাদের কর্মীদের স্পষ্টভাবে সতর্ক করে দেওয়া যখন সাংবাদিকরা উপস্থিত থাকবেন, তখন কর্মীরা যেন লাইভ, সেলফি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকেন। সাংবাদিকদের কাজের পরিবেশ নষ্ট হলে সংবাদ সম্মেলনের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়।
একজন সিনিয়র সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কর্মীর প্রেস রিলিজ সাংবাদিকতা করতে আসিনি। আমরা আমাদের মতো করে সংবাদ তৈরি করবো।” সাংবাদিকরা জোর দিয়ে বলছেন, তারা স্বাধীন সাংবাদিকতা চান, যেখানে তারা মাঠে গিয়ে তথ্য সংগ্রহ করে নিজস্ব বিশ্লেষণ দিয়ে সংবাদ তৈরি করতে পারবেন।
সাংবাদিকদের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় নেতাদের দায়িত্বশীল ভূমিকা নেওয়া এখন জরুরি হয়ে পড়েছে।




















