আন্দোলনের প্রাণহানির দায়ভার নিলেন শেখ হাসিনার পুত্র জয়
Oplus_131072
ভারতের কলকাতায় আয়োজিত বিজেপিঘনিষ্ঠ সাংস্কৃতিক মঞ্চ ‘খোলা হাওয়া’র বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দীর্ঘ বক্তৃতায় স্বীকার করলেন জুলাই আন্দোলনের প্রাণহানির দায়ভার।
গতকাল সোমবারের সেই অনুষ্ঠানে জয় বলেন, ২০২৪ সালের রক্তক্ষয়ী জুলাই আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের মৃত্যুর দায় তিনি নিজেই নিচ্ছেন। এতদিন সরাসরি দায় স্বীকার না করলেও এবার কলকাতার মঞ্চে তিনি স্পষ্টভাবে জানান, নিরপরাধ প্রাণহানির দায়ভার তার কাঁধেই।
জয় স্বীকার করেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি ছিল ন্যায্য। আদালতের নির্দেশে কোটা পুনর্বহাল হওয়ায় পরিস্থিতি জটিল হয় এবং সরকার ব্যর্থতার মুখে পড়ে। তবে তিনি দাবি করেন, আন্দোলনের আড়ালে থাকা কট্টরপন্থি ও জঙ্গিরাই অগ্নিসংযোগ ও গোলমালের সূত্রপাত ঘটায়, সরকার বা পুলিশ আগ বাড়িয়ে হিংসা শুরু করেনি।
বক্তৃতায় তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে একতরফা ও প্রহসন হিসেবে উল্লেখ করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে বিএনপি ও জামায়াতের দ্বিমুখী লড়াইকে তিনি অগ্রহণযোগ্য বলে দাবি করেন। জাতীয় পার্টির মতো দলকেও প্রচারের সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন জয়।
ভারতের নিরাপত্তা নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তার মতে, বিএনপি আমেরিকার হাতের পুতুলে পরিণত হয়েছে এবং জামায়াত-পাকিস্তান নেপথ্য থেকে কলকাঠি নাড়ছে। এতে ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, জামায়াতকে রাজনীতির মূল চালিকাশক্তি হওয়া থেকে আটকানোর এটাই শেষ সুযোগ।
জয় আরও মনে করিয়ে দেন, ৫ থেকে ১৫ আগস্টের মধ্যে কয়েকশ আওয়ামী লীগ কর্মী ও পুলিশ খুন হয়েছেন, যার দায়ভারও বর্তমান অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না।






















