জামায়াত নেতার নির্দেশে জাল ভোটের সিল ব্যবসায়ী আটক নেতা বহিষ্কার
Oplus_131072
লক্ষ্মীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের সিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের নামে মামলা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আটক সোহেলকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তবে জামায়াত নেতা শরীফ আত্মগোপনে রয়েছেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানা পুলিশ এসআই হুমায়ুন কবির বাদী হয়ে দুজনের নামে মামলা করেন।
গ্রেপ্তার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের মালিক। অপরদিকে শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্ছানগর এলাকার মো. শাজাহানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সোহেলের দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তার তথ্যের ভিত্তিতে এবং হোয়াটসঅ্যাপে কথোপকথন ও ভয়েস ম্যাসেজের প্রমাণের ভিত্তিতে শরীফকেও মামলার আসামি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জামায়াত নেতা শরীফ ৩০ জানুয়ারি সোহেলের কাছে ৫টি নির্বাচনী সিলের অর্ডার দেন এবং এ সংক্রান্ত একটি ভয়েস ম্যাসেজ পাঠান। প্রতারণার মাধ্যমে জাল ভোট প্রদানের উদ্দেশ্যে এসব সিল তৈরি করা হয়েছিল।
এদিকে সিল জব্দের ঘটনায় বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেন, আটক সোহেল জামায়াতের কর্মী। অপরদিকে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম জানান, সোহেল জামায়াতের কেউ নয়।
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, ঘটনার পরপরই শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, দুজনের নামে মামলা হয়েছে। সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার কাছ থেকে আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে।


















