নবীনগরে রিকশা প্রতিকের নির্বাচনি সভায় জনতার ঢল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলের মনোনীত প্রার্থী রিকশা প্রতিকের আমজাদ হোসেন আশরাফীর নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে (৪ ফেব্রুয়ারি ২০২৬) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আউটডোর মাঠে আয়োজিত এই সভায় জনতার ঢল নামে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র দক্ষিণের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়েত ইসলামীর নবীনগর উপজেলা শাখার আমির মোখলেছুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির মাওলানা মো. মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল বাতেন।
আমজাদ হোসেন আশরাফী তার বক্তব্যে বলেন, “আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ ধর্ম-বর্ণ নির্বিশেষে নবীনগর উপজেলাকে সবার জন্য সমান সুযোগের জায়গা হিসেবে গড়ে তুলবো। চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমি কখনো বৈষম্য করিনি, ভবিষ্যতেও করবো না। সবার কল্যাণে কাজ করেছি, ইনশাল্লাহ সব সময় করে যাবো।”
এছাড়া সভায় উপস্থিত ছিলেন মাওলানা এমদাদুল হক সিরাজী, মাইনুল ইসলাম খন্দকার, মাওলানা তাজুল ইসলাম, আব্দুল্লা আল মাহমুদ জিহান, এবিএম কবির আলম মাসুদ, মো. আমিনুল হক চৌধুরী, মাওলানা আমির হোসাইনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় রিকশা প্রতিকের জয়ের লক্ষ্যে জোরালো বক্তব্য দেওয়া হয়।















