ধারাবাহিক হত্যার ষড়যন্ত্রের অভিযোগ
মানবাধিকারকর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্র’র নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
কুমিল্লা নগরীর পেশাজীবী ও মানবাধিকার বিষয়ক খবরের বিশেষ প্রতিনিধি মওদুদ আব্দুল্লাহ শুভ্র’র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান ধারাবাহিক অপরাধ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, ভুক্তভোগী শুভ্র প্রথমে ২০১৭ সালের ৩ মে কুমিল্লার নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১৫৭) করেন। অভিযোগে উল্লেখ করা হয়, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে হত্যার পরিকল্পনায় লিপ্ত। ওই ষড়যন্ত্রের ধারাবাহিকতা থেমে থাকলেও ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর থেকে পুনরায় সক্রিয় হয়, যা সর্বশেষ ২০২৬ সালের ২ জানুয়ারি পর্যন্ত বিস্তৃত বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর দাবি, গত ২০২৪ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালে সংশ্লিষ্ট ব্যক্তি ও চক্রের নামে জাতীয় ও স্থানীয় পত্রিকা, একাধিক অনলাইন গণমাধ্যম এবং ডকুমেন্টারি নিউজে অপরাধসংক্রান্ত তথ্য প্রকাশিত হয়, যা কুমিল্লার সর্বস্তরের মানুষের কাছে অবগত। তবুও রহস্যজনকভাবে এসব অভিযোগের কার্যকর আইনগত নিষ্পত্তি হয়নি।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময়ে মোবাইল ফোনে হুমকি, বিভ্রান্তিকর তথ্য প্রচার, একের পর এক ইস্যু তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এমনকি অপরাধ নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশ প্রশাসনের কতিপয় সদস্য এবং অজ্ঞাতনামা সহযোগীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বলে দাবি করা হয়।
ভুক্তভোগীর ভাষ্যমতে, অভিযুক্তরা প্রকাশ্যেই আগাম আল্টিমেটাম দিয়ে ষড়যন্ত্রমূলক হত্যার হুমকি দিয়ে আসছে। এতে করে তাঁর জীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছে এবং মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে।
এ প্রেক্ষিতে মওদুদ আব্দুল্লাহ শুভ্র পুলিশ প্রশাসন, যৌথবাহিনী ও কোস্ট গার্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করে ষড়যন্ত্রের ইন্ধনদাতা, সরাসরি অভিযুক্ত ও সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
তিনি বলেন,
“এই ষড়যন্ত্র শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি মানবতা ও মৌলিক অধিকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।













