কুমিল্লা ছয় আসনে দিনভর গণসংযোগ ফ্যামিলি কার্ডে মায়েদের অধিকার ফিরবে মনিরুল হক চৌধুরী
কোনো করুণা নয়, কোনো অনুদানও নয়—ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের সম্মান ও অধিকার ফিরিয়ে দেওয়া হবে।” এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লা-৬ (সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম) আসনের এমপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী গণসংযোগ ও একাধিক নির্বাচনী সভায় অংশ নেন তিনি। সকালে জগন্নাথপুর ইউনিয়নের আরকু চৌমুহনী, ধনপুর ও রঘুপুর এলাকায় গণসংযোগ করেন। দুপুরে কুমিল্লা টাউন হলে ন্যাপ নেতা বশির আহমেদের জানাজায় অংশ নেন। বিকেলে চৌয়ারা ইউনিয়নের বামিশা হাইস্কুল মাঠ, বালুতুপা এবং ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। রাত ৯টায় কুমিল্লাস্থ চৌদ্দগ্রাম সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, “আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন মায়েদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কোনো মা-বোন যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য কারও কাছে হাত পাততে না হয়, ছোটখাটো শখ পূরণে যেন অপেক্ষা করতে না হয়—সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”
তিনি বলেন, “রাজনৈতিক বিরোধীরা এই মহৎ উদ্যোগকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে। তারা চায় আমাদের মা-বোনেরা আজীবন অন্যের ওপর নির্ভরশীল থাকুক। তাই ভালো একটি উদ্যোগও তারা মেনে নিতে পারে না।”
মায়েদের ত্যাগের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “আমরা ছোটবেলা থেকে মায়ের আঁচল থেকেই টাকা নিয়েছি। বাবার বিপদে মায়েরা জমানো টাকা দিয়ে সহযোগিতা করেন। কিন্তু দিনশেষে পাতিলের শেষ খাবারটুকু মায়েরাই খান। সেই মায়েদের পাশে দাঁড়াতেই ফ্যামিলি কার্ড।”
দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আপনারা যে যেই গ্রুপই করুন না কেন, সবাই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। নির্বাচনের আগে বা পরে কোনো নেতাকর্মীর ওপর অত্যাচার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।”
গণতন্ত্র প্রসঙ্গে মনিরুল হক চৌধুরী বলেন, “নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এক-এগারোর সময় আপনারা তা দেখেছেন, আজ আবার সেই বাস্তবতা প্রত্যক্ষ করছেন। দেশের এই ক্রান্তিলগ্নে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক দেশকে আবার নির্বাচনমুখী করেছে। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”
জনসভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাবেক সভাপতি এস এ বারী সেলিম, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।













