কুমিল্লা ৫ আসনে ধানের শীষে ভোটের অঙ্গীকারে ঐক্যবদ্ধ জনতা
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) আসনের ভৈরবপুর গ্রামে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বাকশীমুল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৯ নং ওয়ার্ডের নির্বাননী কেন্দ্র কমিটির আহবায়ক ইঞ্জি. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিপুলভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে জয়ী করতে হবে। শিক্ষক শরীফুল ইসলাম, সুরু মিয়া, সাত্তার মিয়া ও রুহুল আমিন আশাবাদ ব্যক্ত করেন যে অন্তত ৮০% ভোট বিএনপিকে দেওয়া হবে। স্থানীয় মেম্বার সুলতান আহমেদ বলেন, “আমরা জসিম ভাইকে বিপুল ভোটে পাশ করাবো।”
তিনবারের নির্বাচিত মেম্বার রিয়াদ হোসেন অভিযোগ করেন, “আমাদের এলাকা অবহেলিত, প্রতিশ্রুতি দেওয়া হলেও উন্নয়ন হয়নি। জসিম ভাই উন্নয়ন করবেন।” সফিকুল ইসলাম বলেন, “রাস্তা আমাদের সবচেয়ে বড় সমস্যা, ক্ষমতায় এলে তা পাকা করতে হবে।”
বক্তারা আরও বলেন, বিএনপির আমলে মামলা মোকাবিলা করেও তারা ঐক্যবদ্ধ হয়েছেন। সেলিম হোসেন, বাহার মিয়া, রফিকুল ইসলাম, কবির হোসেন, আবুল হোসেন, বিল্লাল হোসেনসহ অনেকে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
সাবেক ছাত্রনেতা জাকির হোসেন চৌধুরী বলেন, “জনতার জোয়ার প্রমাণ করছে মানুষ পরিবর্তন চায়।” সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, “ভৈরবপুরে কোনো উন্নয়ন হয়নি, এবার ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ বলেন, “আমরা ইসলাম রক্ষা করবো, বিএনপিকে ভোট দিতে হবে।” ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন প্রতিশ্রুতি দেন, “প্রথম উন্নয়ন হবে ভৈরবপুর ও বেলবাড়ী রাস্তা। আমরা ক্ষমতায় গেলে সবাই নিশ্চিন্তে ঘরে ঘুমাবে।”
জনতার উচ্ছ্বাসে ভৈরবপুরে উঠান বৈঠকটি রূপ নেয় জনসমাবেশে।

















