কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভাষককে গাড়িতে তুলে লুট লাখ টাকা
Oplus_131072
কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে প্রতারকের ফাঁদে পড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল প্রায় এক লাখ টাকা হারিয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে দাউদকান্দি এলাকায় ছেড়ে দেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী শিক্ষক বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ থানায় চারজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।
সোহেল জানান, কোটবাড়ি এলাকায় বাসের অপেক্ষায় থাকা অবস্থায় একটি প্রাইভেটকার এসে তাকে উবার কল করেছেন কি না জিজ্ঞেস করে। তিনি অস্বীকার করলে গাড়িতে থাকা আরও তিনজন জোর করে তাকে তুলে নেয়। গাড়ির ভেতরে তাকে বুকে ও মাথায় আঘাত করা হয়। পরে দাউদকান্দি আবিদ মার্কেটের ইসলামী ব্যাংকের এটিএম বুথে নিয়ে চার ধাপে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়। এছাড়া মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও বিকাশ থেকে ২ হাজার ৫০০ টাকা নিয়ে মোট ৯৭ হাজার ৫০০ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, গাড়ির ভেতরে থাকা চারজন তাকে এসিডে ঝলসে দেওয়ার এবং চেতনানাশক প্রয়োগের হুমকি দেয়। আতঙ্কিত অবস্থায় তিনি আকুতি করলে দুর্বৃত্তরা তা থেকে বিরত থাকে। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে হুমকি দেয়, ‘পেছনে তাকালে গুলি করা হবে।’
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।





















