শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

গণমিছিলে বড় শোডাউন, গণঅবস্থানের ঘোষণা

অনলাইন ডেস্ক : প্রকাশিত: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৬:২০ পিএম
গণমিছিলে বড় শোডাউন, গণঅবস্থানের ঘোষণা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল করেছে বিএনপিসহ সমমনা দল ও জোট। এই গণমিছিলে লাখ লাখ নেতাকর্মী অংশ নিয়েছেন। সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও কারাবন্দিদের মুক্তিসহ ১০ দফা দাবিতে গতকাল গণমিছিলের বড় শোডাউন করে বিএনপি। একই দাবিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোট, ১১ দলীয় জোটসহ সরকারবিরোধী দলগুলো। যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচিতে ২/১ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই বড় শোডাউন সম্পন্ন করেছেন দলগুলো। তবে রাজধানীর মৌচাক ও বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলন অব্যাহত রাখতে গণমিছিলে অংশ নেয়া দলগুলো আবারো কর্মসূচি ঘোষণা করেছে। নতুন বছরের ১১ই জানুয়ারি ঢাকাসহ সারা দেশে গণঅবস্থানের ঘোষণা দিয়েছেন বিরোধী জোটের নেতারা। কর্মসূচিকে সরকার বিদায়ের দুই নম্বর সতর্ক বার্তা বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে গণমিছিলকে ঘিরে গতকাল সকাল থেকেই রাজধানীর নয়াপল্টন এলাকায় ভিড় করেন দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন সড়কসহ আশপাশের সড়কে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।

এ ছাড়া আশপাশের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেন নেতাকর্মীরা। জুমার নামাজের পর জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন ও আশপাশের সড়ক। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী গণমিছিলস্থলে উপস্থিত হন। খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন তারা। বিকাল সাড়ে তিনটায় গণমিছিলটি বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার গিয়ে শেষ হয়। গণমিছিলের প্রথম অংশ বিকাল সাড়ে চারটায় মগবাজারে পৌঁছায়। একই সময়ে গণমিছিলের শেষ প্রান্ত ছিল মতিঝিল নটরডেম কলেজ এলাকায়। সন্ধ্যা সোয়া ৫টা পর্যন্ত মিছিলের শেষ প্রান্ত নয়াপল্টন অতিক্রম করতে পারেনি। মাগরিবের আজান শেষ হলে গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মী সড়কের ওপর অবস্থান করেন। বিএনপি’র গণমিছিলের কারণে গতকাল দুপুরের পর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফকিরাপুল, নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মগবাজারের পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গণমিছিল ঘিরে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে কঠোর অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কার্যালয়ের আশপাশে সাদা পোশাকে দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিল পূর্ব সমাবেশ করে বিএনপি। সমাবেশ থেকে আগামী ১১ই জানুয়ারি যুগপৎ আন্দোলনে দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করা হয়। ৩০শে ডিসেম্বর গণমিছিলের মতোই বিএনপি ও সমমনা দল এবং জোটগুলো নিয়ে সারা দেশে গণঅবস্থান কর্মসূচি পালন করবে বলে জানায় দলটি। গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সরকারের বিদায়ের দুই নম্বর সতর্ক বার্তা উচ্চারণ করার জন্য জোট ও সমমনা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ১১ই জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের বিশ্বাস- আজকে যারা এই গণমিছিলে যে সকল জোট ও দল আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকায় কর্মসূচি করেছেন, ওই দলগুলো যুগপৎভাবে আগামী ১১ই জানুয়ারি এই গণঅবস্থানের কর্মসূচি দেবেন। আর আমরা আহ্বান জানাই, এই আন্দোলনের সঙ্গে যারা একাত্মতা ঘোষণা করেছেন- আগামীতে এই গণঅবস্থান কর্মসূচিকে সফল করে দ্বিতীয় কর্মসূচি দিয়ে আপনারা এই সরকারের বিদায়ের দুই নম্বর সতর্ক বার্তা উচ্চারণ করবেন। তিনি বলেন, সরকার পতনের যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে আগামী ১১ই জানুয়ারি ঢাকাসহ বিভাগীয় শহরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান করবে বিএনপি’র নেতাকর্মীরা। ঢাকায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকার কয়েকটি সড়কে গণমিছিল থেকে বিভাগীয় শহরে একযোগে চার ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, জনগণ বুঝতে পেরেছে- আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। তারা গণতন্ত্রকে ফেরত দেবে না। অর্থনীতিকে ভেঙে দিয়ে লুটপাট করেছে, তারা অর্থনীতিকে মেরামত করতে পারবে না। বিচার বিভাগকে স্বাধীন করতে পারবে না। সমাজের ভারসাম্য আনতে পারবে না। দেশে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারবে না। তার জন্য তাদের বিদায় করে দেয়া উচিত। খন্দকার মোশাররফ বলেন, আগামী দিনে জনগণ রাস্তায় নেমে গণঅভ্যুত্থান সৃষ্টি করে সরকারকে বিদায় করবে। তার নমুনা আজকের এই গণমিছিল। আর এ ধরনের স্বৈরাচার নিজেরা ক্ষমতা ছাড়ে না। তাদেরকে বাধ্য করতে হবে। তার জন্য আমাদের নেতাকর্মীরা প্রাণ দিয়েছি, সারা দেশে আমাদের ২৪ হাজার নেতাকর্মীরা আজকে জেলে। কিন্তু আমাদের দমাতে পারেনি। সুতরাং যতই গ্রেপ্তার করা হোক না কেন, রাস্তায় জনগণ নেমে গেছে। আর তাদের থামানো যাবে না। বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, এরা ফ্যাসিস্ট এবং স্বৈরাচার। আর আন্তর্জাতিকভাবে হাইব্রিড সরকার নামে পরিচিত। তাদের সঙ্গে এদেশের জনগণের কোনো সম্পর্ক নাই। তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই। এ কারণে গণতন্ত্রকে হত্যা করে অলিখিত বাকশাল চালাচ্ছে। সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন পর্যন্ত জনগণ ভোট দিতে পারে না। তারা ভোট কেড়ে নিয়েছে এবং ভোট ডাকাতি করেছে। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, এই সরকার পাড়ায়-মহল্লায় পাহারা বসিয়ে জনগণের রাজপথে আসা রুখতে পারবে না। সরকার বলে জনগণ আমাদের সঙ্গে নাই। জনগণ আছে কি নাই আমি সরকারকে তাদের যারা গোয়েন্দা সংস্থা, তাদের যারা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ঢাকার গণমিছিল দেখার আহ্বান করছি। আওয়ামী লীগ বলছে, পাড়ায় পাড়ায় তারা পাহারা দেবেন, পাহারা দিয়েছেও তবুও এদেশের জনগণকে ঘরে রাখতে পারেন নাই। আগামী দিনে এদেশের জনগণ রাস্তায় নেমে গণঅভ্যুত্থান সৃষ্টি করে আপনাকে (শেখ হাসিনা) বিদায় করবে। এই গণমিছিল তারই নমুনা। জনগণ ভোট দিতে পারলে ‘সরকারের কোনো পাত্তা থাকবে না’ দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থীদের জামানত বাতিল হয়ে যায়, বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সরকারকে আসলে সিগন্যাল দেয়া হচ্ছে।

এদিকে গতকাল সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে মগবাজারে গণমিছিল শেষে সমাপনী বক্তব্য দেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আগামী ১১ই জানুয়ারির জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আমরা ১০ দফা নিয়ে মাঠে নেমেছি। আসলে দফা একটাই এই সরকারের পদত্যাগ। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। ১৯৭২ সাল থেকে যত খুন হয়েছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে এর বিচার হবে জানিয়ে গয়েশ্বর চন্দ্র বলেন, এই জনগণকে ঠেকিয়ে রাখার ক্ষমতা কারও নাই। লড়াই আমাদের করতে হবে। সেই লড়াইয়ে আমাদের জিততে হবে। মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন ও মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমানউল্লাহ আমান বক্তব্য রাখেন। এর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছোট ট্রাকে অস্থায়ী মঞ্চে আয়োজিত সমাবেশে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আফরোজা খানম রীতা, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, বেনজীর আহমেদ টিটো নেতারা উপস্থিত ছিলেন। এদিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে আফরোজা আব্বাস ও হেলেনা জেরিন খানের নেতৃত্বে মহিলা দল গণমিছিলের প্রথমে ছিল। সবশেষে ছিল মহানগর দক্ষিণ বিএনপি। মিছিলে মুক্তিযোদ্ধা দল, সম্মিলিত পেশাজীবী পরিষদ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, উলামা দল, জাসাস, ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মনোহরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম
মনোহরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৩

কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলার গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ধানের শীষের প্রার্থী আবুল কালামের সমর্থকরা এই হামলা চালিয়েছে। এতে অন্তত ৩ জন কর্মী আহত হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার (দুপুরে) উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের রাজাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচনী গণসংযোগে রাজাপুর গ্রামে পৌঁছালে রহমত উল্লাহর নেতৃত্বে আলআমিন, হিরন, খোকন, বিল্লাল, ইয়ামিন, সোলেমান, কাউসারসহ ধানের শীষের প্রার্থী আবুল কালামের একদল সমর্থক অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালায়। এ সময় রতন, তানভীর, মহসিন ও রফিকুল ইসলামসহ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে আবুল কালামের সন্ত্রাসী বাহিনী আমার নেতাকর্মীদের ওপর হামলা করে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন,
হামলার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে জর্জরিত রুবেলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম
অভিযোগে জর্জরিত রুবেলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন রুবেলের বিরুদ্ধে একাধিক ভয়াবহ অভিযোগে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, রুবেল দেশে বসে পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং কুমিল্লায় একাধিক মিছিলে অংশ নিয়েছেন। তাদের অভিযোগ, শান্ত কুমিল্লাকে অশান্ত করতে তিনি উঠতি বয়সী যুবকদের হাতে অর্থ ও অস্ত্র তুলে দিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত রাখার চেষ্টা করছেন।

 

অভিযোগ রয়েছে, রুবেল ভারত থেকে নিষিদ্ধ মাদক এনে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেন। সুন্দরী নারী ও তরুণদের ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে তিনি বিপুল অর্থের মালিক হয়েছেন। তার সহযোগীদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে ছাত্র আন্দোলন দমন ও পীড়নের অভিযোগও উঠেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানোর ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, রুবেল ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করে একাধিক জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। সাধারণ মানুষের নামে তৈরি এনআইডি ব্যবহার করে গ্রেফতার হলে আসল অপরাধী পার পেয়ে যায়। এসব পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগও পাওয়া গেছে।

 

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রুবেল কখনো নিজেকে ডিবি পুলিশ, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রশাসনের লোক দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে। সম্প্রতি সদর দক্ষিণের লালবাগ এলাকায় পুকুর খননের মাটি পরিবহনের সময় শরীফ ও রিয়াদের তিনটি ড্রামট্রাক আটক করে রুবেল। ভুক্তভোগীদের দাবি, প্রথমে তাদের কাছে ৩০ লাখ টাকা দাবি করা হয়, পরে তা কমিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় ট্রাকগুলো প্রশাসনের কার্যালয়ে জমা দিয়ে অবৈধ মাটি পরিবহনের অভিযোগ সাজানো হয়।

 

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)-এর ভাই ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান সারওয়ারের ঘনিষ্ঠ পরিচয়কে পুঁজি করে রুবেল সাংস্কৃতিক সম্পাদক পদ বাগিয়ে নেন। সেই পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

 

সচেতন মহল বলছে, রুবেলের কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তারা নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

 

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,

“বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় আইনগত ব্যবস্থা নিতে পারছি না।”

 

এ বিষয়ে জামাল উদ্দিন রুবেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বরুড়ায় সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতারা

নাসির উদ্দিন প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:১৩ এএম
বরুড়ায় সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতারা

 

বরুড়া উপজেলার ১০নং উত্তর শিলমুড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ১০নং উত্তর শিলমুড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সুলতানপুর বাজারে মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সুলতানপুর বাজার গোল চত্বরে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য মিজানুর রহমান (মোল্লা), উপজেলা যুবদলের সদস্য ও সমাজসেবক মো. সোমন আহমেদ, মো. সাহিন হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাজী হারুনুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহনেওয়াজ, সাবেক ছাত্রনেতা শাহজান মিদ্দা, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বরুড়ার সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে বিপুল ভোটে বিজয়ী করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা জাকারিয়া তাহের সুমনকে একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতা উল্লেখ করে বলেন, উন্নয়ন ও জনগণের কল্যাণে তার বিকল্প নেই। আগামী নির্বাচনে তাকে বিজয়ী করার মাধ্যমে বরুড়াবাসী গণতন্ত্রের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

×
Skip to toolbar