গত সাত মাসে কুমিল্লায় ই-ট্রাফিক প্রসিকিউশনে ৬ সহস্রাধিক অভিযোগ দাখিল করা হয়েছে। ৬ হাজার ১২৬টি অভিযোগের প্রেক্ষিতে ১ কোটি ৯৪ লাখ ৩১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। নানান অনিয়মের দায়ে কুমিল্লা জেলা ট্রাফিক বিভাগ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে শুরু করেছে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এসব অভিযোগ দায়ের করে।
কুমিল্লা জেলা ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল চৌধুরী টিপু বলেন, কুমিল্লা জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়ক ও নগরীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের অভিযানে অনিয়মের দায়ে এসব অভিযোগ দায়ের করা হয়। এসময়ের মধ্যে ৩ হাজার ৩৪৬টি মোটর সাইকেল, ৬শ ১টি সিএনজি, ১১১টি বাস, ৫ শ ৬টি ট্রাক, ১ হাজার ২৭টি পিকআপ, ১৭৪টি প্রাইভেটকার, মাইক্রোবাস ১৬০টি এবং ২শ টি কাভার্ডভ্যানের বিরুদ্ধে মামলা দেয়া হয়।
তিনি আরো জানান, গত মার্চ মাসে কুমিল্লায় সদর ট্রাফিক জোনের টীম সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল এবং ভারত ১৮০টি পাচারকৃত এন্ড্রয়েডফোন উদ্ধার করে থানা পুলিশকে সহায়তা করায় বিশেষভাবে পুরষ্কৃত করা হয়।
এদিকে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, আমাদের কুমিল্লা জেলা পুলিশের ট্রাফিক ইউনিটে কিছুটা জনবল সংকট রয়েছে। তারপরও এই ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কুমিল্লার সড়কে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করছে। নগরীতে যানজট নিরসনে যেসব প্রচেষ্টা নেয়া হয়েছে এগুলো একেএকে বাস্তবায়ন করা হলে সুফল পাবে সাধারণ মানুষ।

মোহাম্মদ জানে আলম :