কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শহীদনগরের হাট-বাজার ইজারাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ভূঁইয়া কমলের উপর হামলা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার শহীদনগর বাজারের সুন্দলপুর মডেল ইউনিয়নের কার্যালয়ে হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ভূঁইয়া কমল বলেন, শহীদনগর হাট-বাজারটি সিডিউল কিনে ট্রেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে হাট-বাজারটি ইজারা পেয়েছি। হাট-বাজারটি ইজারা পাওয়ার পর থেকে আমাকে এবং আমার পরিবারকে রনি, জনি, মুকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী নিয়ে ভয়ভীতি দিয়ে আসছিল।
পরবর্তীতে শুক্রবার (১৪ এপ্রিল) রাতে ইজারাকে কেন্দ্র করে ছাত্রলীগের সহ-সভাপতি মহিউদ্দিন বশর রনি, জনি ও মুকুল ভূঁইয়ার নেতৃত্বে ওই সন্ত্রাসী দল আমার উপর হামলা করলে আমার আত্ন চিৎকারে আরিফ, নাজমুল, গাফফার ছুটে এসে হামলাকারীদের কাছ থেকে আমাকে উদ্ধার করে।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ভূঁইয়া কমলের পরিবারের নিরাপত্তা ও বিচার চেয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সুন্দলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুকবুল হোসেন মেম্বার, আওয়ামী নেতা বদরুল আলম পান্না, আরিফুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মহিনুল হাসানের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বিষয়টি অবগত নই আপনার নিকট থেকে এখন শুনেছি। ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ভূঁইয়া কমলকে সব রকম আইনী সহযোগিতা করবো।

আনিস রহমান খান :