প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সাংবাদিককে মারধর করলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইফতার বিতরণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহতদের তথ্য সংগ্রহ করতে গিয়ে আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বাবুর হাতে মারধরের শিকার হয়েছেন দৈনিক আমাদের সময়ের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি শাহীন আলম।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মারধরের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত শাহীনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাইফুল ইসলাম বাবু দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যানের ভাতিজা।

শাহীন আলম জানান, সাইফুল ইসলাম বাবু একজন সন্ত্রাসী। তিনি দেবিদ্বার উপজেলা সদর বাজারে এবং সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজিতে লিপ্ত। আমি বিভিন্ন সময় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য ছবি তুলতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। গতকাল সন্ধ্যায় পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে ইফতার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ছবি তুলতে গেলে সুযোগ পেয়ে বাবু আমার ওপর হামলা করে। আমাকে চোরের মত পিটিয়ে রক্তাক্ত করে সেখান থেকে চোখ বেঁধে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

তিনি আরও জানান, ‘অজ্ঞাতস্থানে নিয়ে তিনি আমাকে দ্বিতীয় দফায় মারধর করে ক্যামেরা ও টাকা ছিনিয়ে নেন। পরে আমার স্ত্রীর কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এই সন্ত্রাসী বাহিনীর বিচার এবং তাদের হাত থেকে আমাকে এবং আমার পরিবারকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা চাই।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন