প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে : কুবি উপাচার্য

এবিএস ফরহাদ, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেছেন, ”ইতিবাচক চিন্তা ও সৃজনশীলতা শিক্ষার্থীদের প্রতিভাকে বিকশিত করে তোলে। নবীন শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাদের সৃজনশীলতা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে। যারা বিদায় নিবে তারাও বিশ্ববিদ্যালয়ের অংশ হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ে যারা একবার ভর্তি হয় আজীবন তারা বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করে। নবীন ও বিদায়ী শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মেধার স্বাক্ষর রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্রান্ডিং করবে।” সোমবার (৩১ জুলাই) মার্কেটিং বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মার্কেটিং বিভাগের ছাত্র উপদেষ্টা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।

বিশেষ অতিথির বক্তব্য অধ্যাপক আমজাদ হোসেন তিনি বলেন, ‘জীবনের লক্ষ্য নির্ধারণ করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ। স্কুল জীবনে শিক্ষার্থীরা একটি কল্পনার ভিত্তিতে লক্ষ্য নির্ধারণ করে কিন্তু স্নাতক জীবনে কল্পনা নয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে, নিজের সক্ষমতা বিবেচনা করে লক্ষ্য নির্ধারণ করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের শিক্ষকগণ এবং বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বিভাগের শিক্ষার্থীরা।

প্রিন্ট করুন