প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহ হাইওয়ে রিজিয়ন চালু, এসপি রহমত উল্লাহ

অনলাইন ডেস্ক :

হাইওয়ে পুলিশের নতুন ইউনিট ‘ময়মনসিংহ রিজিয়ন’-এর যাত্রা শুরু হয়েছে। মুহাম্মদ রহমত উল্লাহ পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদানের মাধ্যমে এই ইউনিট আত্মপ্রকাশ করে।

গত ২৮ আগস্ট তিনি যোগদান করেন। সোমবার তিনি অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মিটিং করে নতুন ইউনিটের কার্যক্রমের বিষয়ে দিকনির্দেশনা দেন। এর আগে তিনি হাইওয়ে কুমিল্লা রিজিয়নে দায়িত্ব পালন করেন।

হাইওয়ে পুলিশের সদর দপ্তর জানায়, ময়মনসিংহ বিভাগের চারটি হাইওয়ে থানা ও একটি হাইওয়ে সার্কেলের সমন্বয় গঠন করা হয়েছে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন, ভরাডোবা, শ্যামগঞ্জ, বকশীগঞ্জ ও নান্দাইল হাইওয়ে থানা। একজন পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপারসহ ১৫২ জন জনবল নিয়ে যাত্রা শুরু করেছে এই ইউনিট। পুরো ময়মনসিংহ বিভাগের হাইওয়ের শৃঙ্খলা ও নিরাপত্তায় দায়িত্ব পালন করবে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন।

এ বিষয়ে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘হাইওয়ে পুলিশের প্রধান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান স্যারের সার্বিক তত্ত্বাবধানে জনবান্ধব পুলিশ ইউনিট হিসেবে কাজ করবে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জনবল, লজিস্টিক সাপোর্ট ও কাজের পরিধি বাড়বে। ময়মনসিংহ বিভাগে নিরাপদ সড়ক গড়তে নিবেদিত থাকবে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন।

প্রিন্ট করুন