বিএনপি’র বহিষ্কৃত নেতাদের ফেরাতে সবুজ সংকেত দিয়েছে দলটির হাইকমান্ড। এলাকায় যারা জনপ্রিয়, অতীতের রাজনৈতিক কর্মকাণ্ডের রেকর্ড যাদের ভালো এবং ছোটখাটো ভুল রয়েছে, এমন নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে শিগগিরই।
বিএনপি মনে করছে বহিষ্কৃত অনেক নেতা আছেন, যারা স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় ও প্রভাবশালী, তাদের দলে ফিরিয়ে আনা হলে আন্দোলন আরও গতিশীল হবে। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের করা না হলে এসব নেতা সক্রিয় হতে পারছেন না।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগেই তাদের দলে ভেড়ানো হচ্ছে। ধাপে ধাপে দুই শতাধিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। এই তালিকায় কুমিল্লার সাবেক সিটি মেয়র মনিরুল ইসলাম সাক্কু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ বেশ কয়েকজন নেতা রয়েছেন।
সর্বশেষ সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকেও বহিষ্কৃতদের দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক :