কুমিল্লায় একটি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ড ও শহরের বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কুমিল্লা আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কুমিল্লা শহরের ডুমুরিয়া চাঁনপুর এলাকার আবদুল মান্নানের পুত্র নাজমুল হাসান কাউছার (২২), তার সঙ্গী একই এলাকার আবদুল জলিলের পুত্র শাকিল প্রকাশ সাক্কু (২৫) এবং মোবারক হোসেনের পুত্র সাইমন (২২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ের ৮টার দিকে কুমিল্লা মহানগরীর রানীর বাজার টু রামমালা রোডের বিসিক মোড় এলাকার চেম্বার অফ কমার্সের অফিসের সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা মোটর সাইকেলযোগে এসে ৩টি ককটেল চার্জ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ২টি ককটেল বিস্ফোরিত হয় অপরটি অবিস্ফোরিত থাকে। পালিয়ে যাওয়ার সময় পুলিশের ধাওয়ায় দুষ্কৃতিকারীদের ব্যবহৃত নম্বর বিহীনমোটর সাইকেলটি ফেলে যায়।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল এবং ১টি ককটেল জব্দ করে ঘটনার অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে জানা যায়, মোটরসাইকেলটির মালিক আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কাউছার। পরবর্তীতে বিভিন্ন তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের মালিক আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কাউছার এবং তার সঙ্গী শাকিল প্রকাশ সাক্কু ও সাইমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট নোমানের নেতৃত্বে কাউছার তার মোটরসাইকেলসহ কোতয়ালী থানাধীন অশোকতলা গ্রামের বিসিক মোড় চেম্বার অফ কমার্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
পুলিশ সুপার আরো বলেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, ছাত্রদল নেতা তোফায়েল আহাম্মেদ ও নোমানের নির্দেশনায় একদল দুষ্কৃতিকারী কুমিল্লা মহানগরীর ও আশপাশ এলাকার ভোট কেন্দ্রে আগুন দেওয়া ও নাশকতা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। কাউছার ও তার সহযোগী শাকিল এবং ও সাইমন শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে আগুন লাগিয়ে ওই ভিডিও ধারণ করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদের মোবাইলে পাঠায়।
ইতোমধ্যে পুলিশ পাচথুবী ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নি সংযোগের ঘটনা সংক্রান্তে কোতয়ালী মডেল থানা তদন্ত শুরু করেছে। গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং তাদের সাথে থাকা মোবাইল ফোনের বিভিন্ন এ্যাপস্ ও গ্যালারী বিশ্লেষণ করে অগ্নিসংযোগের ঘটনায় তাদের জড়িত থাকার স্বপক্ষে নিশ্চিত হওয়া যায়।
এ ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

নিজস্ব প্রতিবেদক :