কুমিল্লা শাসনগাছা মাইক্রোবাস স্ট্যান্ডে এক মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় পুলিশ মাত্র ৩৬ ঘন্টার মধ্যে ৭ জন আসামীকে গ্রেফতার করেছে। গত ১৫ মার্চ, দুপুর ১২:৫০ থেকে ২:৫০ ঘটিকার মধ্যে এক মহিলা যাত্রীর সাথে মাইক্রোবাস চালক ও লাইনম্যানের মধ্যে বাকবিতণ্ডা থেকে শুরু হয়ে এক ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়, যাতে জামিল হাসান অর্ণব নামে এক ব্যক্তি নিহত হন। নিহতের মা ঝর্ণা আক্তার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ২৫ জন এজাহারনামী এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী করে মামলা নং-৩৯ দায়ের করেন।
পুলিশ সুপারের নির্দেশনায় কোতয়ালী মডেল থানা ও জেলা ডিবি পুলিশ দ্রুত অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং এলাকাবাসীর বক্তব্য বিশ্লেষণের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান আসামী খলিলুর রহমান সহ অন্যান্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থল থেকে ২টি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ফজলে রাব্বি এবং সুমন অস্ত্র আইনে আলাদা আলাদা মামলা নং-৪০ এবং ৪১ এ অভিযুক্ত হন। পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যাবহারকারীসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক :