প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলা : শিক্ষক সমিতির ছয় সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এবং অন্যান্য শিক্ষকদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয় জন শিক্ষকের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ অনুযায়ী, বিবাদীগণ হলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, এবং অন্যান্য শিক্ষকগণ। অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই শিক্ষকগণ উপাচার্য এবং অন্যান্য সাক্ষীদের উপর হামলা চালায়। এই ঘটনায় উপাচার্য সহ অন্যান্য সাক্ষীগণ আহত হন এবং তাদের সরকারী কাজে বাধা প্রদান করা হয়।

থানায় অভিযোগের বিষয়ে মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বলেন, উপাচার্যের নির্দেশে তিনি এই অভিযোগ দায়ের করেছেন। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলমগীর ভূঁইয়া জানান, তারা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ নেবেন।

এর আগে রোববার রাতে শিক্ষক সমিতি উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ ২০ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছিল। এই ঘটনা বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ে উদ্বেগ এবং উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষক সমিতির মধ্যে চলমান মতবিরোধের এই ঘটনা নতুন মোড় নিয়েছে।

প্রিন্ট করুন